মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার নিয়ে প্রযুক্তিবাজারে শোরগোল চলছে। সম্প্রতি প্লাটফর্মটির প্রধান নির্বাহী পদে পরিবর্তন এনেছেন অধিগ্রহণকারী ইলোন মাস্ক। বিশ্বের অন্যান্য প্রযুক্তি কোম্পানি এর বিকল্প তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে এবার টেক্সটভিত্তিক অ্যাপ প্রকাশে উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। এ বিষয়ে অবগত সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ নিউজ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠানটি বর্তমানে কিছু ইনফ্লুয়েন্সার ও নির্মাতাদের নিয়ে নতুন পণ্যটির পরীক্ষা চালাচ্ছে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোম্পানির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নতুন অ্যাপটি বাজারে আনার আগে মেটা ট্যালেন্ট সংস্থা ও সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের অভিমত ও অভিজ্ঞতার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। ক্যালিফোর্নিয়ার ইউসিএলএতে সোশ্যাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়ের শিক্ষক লিয়া হাবেরম্যান বলেন, ‘অ্যাপটি ইনস্টাগ্রামের পেছনে তৈরি করা হলেও এটি মাস্টোডনের মতো প্লাটফর্মের বিকল্প হিসেবে কাজ করবে।’










