ব্যক্তিগত ও দাপ্তরিক যেকোনো কাজেই যোগাযোগের অন্যতম নিরাপদ ও জনপ্রিয় মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি জানিয়েছে, ব্যবহারকারীর নিরাপত্তায় সুরক্ষা পরিধি আপডেট করে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আপডেটে ইনডিভিজ্যুয়াল বা নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচার চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই ফিচারটি চালু করা হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর আগের আপডেটে অ্যাপটিতে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। প্লাটফর্মটি সর্বশেষ নতুন যে ফিচার চালু করতে চাইছে সেটি ব্যবহারকারীকে আরো বেশি সুরক্ষিত করবে। সম্পূর্ণ অ্যাপ লক করার পাশাপাশি প্রয়োজনে নির্দিষ্ট কোনো চ্যাট লক করার সুযোগ মিলবে এর মাধ্যমে।
হোয়াটসঅ্যাপের আপডেট ট্র্যাকিং ওয়েবসাইট ওয়াবেটাইনফোর তথ্যমতে, ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। কনটাক্ট বা গ্রুপ ইনফো স্ক্রিন থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট এবং গ্রুপ লক করে রাখতে পারবে। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোড ব্যবহার করার সুযোগ রয়েছে। লক করা চ্যাটগুলো আলাদা একটি সেকশনে স্থানান্তরিত হয়। এগুলো দেখতে ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোড ব্যবহার করতে হয়।










