ব্যবহারকারীদের জন্য প্লাটফর্মকে আরো বন্ধুসুলভ করে তুলতে হরাইজন ওয়ার্ল্ডসের কনটেন্ট নীতিমালায় পরিবর্তন এনেছে মেটা। এছাড়া প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য নতুন কনটেন্ট রেটিং সিস্টেম চালু করা হয়েছে। খবর আইএএনএস।

আপলোড ভিআরের তথ্যানুযায়ী, হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহারকারীদের কাছে পাঠানো এক ই-মেইলে প্রযুক্তি জায়ান্টটি নতুন পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সেখানে কনটেন্ট নির্মাতাদের ওয়ার্ল্ডসে আলাদা রেটিং ব্যবস্থা যুক্তের কথা জানানো হয়েছে। এর মাধ্যমে কনটেন্টগুলো সব বয়সী মানুষের জন্য উপযোগী নাকি শুধু প্রাপ্তবয়স্কদের সে বিষয়টি নির্ধারণ করা যাবে।

নীতিমালা অনুযায়ী যেসব নির্মাতা তাদের ওয়ার্ল্ডসে পরিবর্তন আনবে না আগামী মাস থেকে তাদের কনটেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত হয়ে যাবে। বিল্ড মোডে ওয়ার্ল্ড ট্যাবে নির্মাতারা নতুন রেটিং অপশনটি দেখতে পাবে। পছন্দের সময়ানুযায়ী নির্মাতারা সেটি ঠিক করে নিতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, কোয়েস্ট ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট থেকে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা সরিয়ে দিয়ে মেটা অ্যাকাউন্ট যুক্ত করা হয়। এরপর থেকে লগইনের জন্য ব্যবহারকারীদের নাম ও জন্মতারিখের মাধ্যমে পরিচয় যাচাই করতে হয়। এর অংশ হিসেবেই নতুন এ পরিবর্তন।

ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে মেটার ব্যবহারকারীদের আসল নাম ব্যবহারের নির্দেশনা দিয়ে আগের নীতিমালায় পরিবর্তন এনেছে। তবে মেটার অ্যাকাউন্টের জন্য সে রকম কোনো নিয়ম নেই। সম্প্রতি হরাইজন ওয়ার্ল্ডসে ভয়েস মোড নামে নতুন ফিচার এনেছে মেটা। এর মাধ্যমে ফ্রেন্ড লিস্টের বাইরে থাকাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা হবে সে বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়।