এয়ারট্যাগে গুপ্তচরবৃত্তি বন্ধে ও শনাক্তকরণ সহজ করতে নতুন ফার্মওয়্যার আপডেট আনছে অ্যাপল। নতুন আপডেটের মাধ্যমে আরো সহজে ও বিস্তৃত পরিসরে এয়ারট্যাগ শনাক্ত করা যাবে। খবর টেকরাডার।
আইওএস ১৪.৫-এর পরের ভার্সন ব্যবহারকারীরা নতুন ফার্মওয়্যারটি আপডেটের মাধ্যমে ফিচারটি ব্যবহার করতে পারবেন। সর্বশেষ আইওএস ভার্সন-সংবলিত ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে আপডেটটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে। ফাইন্ড মাই অ্যাপের আইটেমস ট্যাব থেকে এয়ারট্যাগে ক্লিক করলে যে কেউ আপডেটেড ফার্মওয়্যার ভার্সন ইনস্টল হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। যদি কারো ডিভাইসে আপডেটটি না আসে তাহলে কিছু সময় অপেক্ষা করতে হবে। অ্যাপলের তথ্যানুযায়ী, পর্যায়ক্রমে সব ডিভাইসে আপডেটটি চালু করা হবে।
এয়ারট্যাগকে আইফোনের ৩৩ ফিটের মধ্যে রাখতে হবে। এতে ট্যাগটি সহজে শনাক্ত করা যায়। এয়ারট্যাগের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্তের অভিযোগ আসার পর নতুন কিছু পরিবর্তনের অংশ হিসেবে ফার্মওয়্যারে পরিবর্তন এনেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। আপডেটে এয়ারট্যাগ শনাক্তে সাউন্ড বাড়ানো হয়েছে। ফলে শব্দের উেসর মাধ্যমে এয়ারট্যাগ শনাক্তকরণ সহজ হবে।
হারানো জিনিস খুঁজে পেতে এয়ারট্যাগ খুবই উপকারী একটি ডিভাইস। তবে কিছু দুষ্কৃতকারী এর অপব্যবহার শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রযুক্তি বাজারে বেশকিছু মডিফাইড এয়ারট্যাগ পাওয়া গেছে, যেগুলোয় সেফটি ফিচার বন্ধ করা ছিল। ভালো খবর হচ্ছে, অ্যাপল দ্রুত সময়ের মধ্যে এ ডিভাইসগুলো শনাক্ত করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে ডিভাইসের অপব্যবহার বন্ধে পরিকল্পনার কথা জানায়।
এয়ারট্যাগ শনাক্তের ফিচারের পাশাপাশি নির্ভুলভাবে খুঁজে পাওয়া ও ডিসপ্লে অ্যালার্টেও পরিবর্তন আনতে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। তবে এসব ফিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।










