ডাটা সেন্টারে ব্যাকআপ প্রদানে ডিজেলচালিত জেনারেটরের বিকল্প মাধ্যম খুঁজে পাওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। ভবিষ্যতে হাইড্রোজেন ফুয়েল সেল এসব অবকাঠামোয় শক্তি সরবরাহ করবে। বিদ্যুৎ বিভ্রাটসহ অন্যান্য পরিষেবা বিঘ্নের কারণে এ বিকল্প কাজে লাগাবে প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকরাডার।
এক ব্লগ পোস্টে তথ্যটি ঘোষণার সময় মাইক্রোসফটের ডাটা সেন্টার গবেষণা বিভাগের প্রধান শন জেমস নতুন এ উদ্ভাবনকে এ খাতের জন্য চাঁদে অবতরণের মতো গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। যেদিক থেকেই হিসাব করা হোক না কেন ডাটা সেন্টার পরিচালনা ও স্থিতিশীল রাখা খুবই কঠিন কাজ। আন্তর্জাতিক শক্তি সংস্থার গবেষণা অনুযায়ী, আধুনিক ক্লাউড হোস্টিংয়ের মূল ভিত্তিগুলো পৃথিবীর মোট বিদ্যুৎ চাহিদার ১ শতাংশ ব্যবহার করে এবং এ থেকে কার্বন নিঃসরণের পরিমাণ দশমিক ৩ শতাংশ।
মাইক্রোসফটের ব্যাকআপ জেনারেটরগুলোয় দুটি ফুয়েল সেল রয়েছে এবং এটি ৪০ ফুট লম্বা শিপিং কনটেইনারের ভেতর রাখা হয়েছে। এটি ৩ মেগাওয়াট পর্যন্ত শক্তি উৎপাদনে সক্ষম। যেটি ডিজেলচালিত একটি জেনারেটর বা ১ হাজার ৮০০টি ঘরে শক্তি সরবরাহ করতে পারবে। ২০১৩ সাল থেকে মাইক্রোসফট ফুয়েল সেল প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে। পাশাপাশি ২০৩০ সাল নাগাদ কার্বনমুক্ত প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অঙ্গীকার করেছে।










