বাংলালিংক গত এক বছরে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বাড়িয়েছে। দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংকের ২.৩ গিগাহার্টজ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এ অঞ্চলের গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবে বলে এক বিবৃতিতে জানায় বাংলালিংক। গতকাল চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এ ঘোষণা দেন।

দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোরজি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সার্ভিস নিশ্চিতের লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে সারা দেশে বাংলালিংকের ৩ হাজার ২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২.৩ গিগাহার্টজ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টিডিডি প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।  প্রযুক্তিগত উন্নয়নের ফলস্বরূপ বাংলালিংক এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি টানা তৃতীয় বছরের মতো দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলার স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সিইও এরিক অস বলেন, সমগ্র দেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দ্রুতগতিতে আমাদের শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। —বিজ্ঞপ্তি