বৈশ্বিক সিলিকনের চাহিদার মধ্যে এপ্রিলে রেকর্ড বিক্রি করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। তাইওয়ানভিত্তিক সাইট ফোকাস তাইওয়ানের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর গিজমোচায়না।
ফোকাস তাইওয়ানের প্রতিবেদনে বলা হয়, গত মাসে টিএসএমসির বিক্রি হয়েছে ১৭ হাজার ২৫৬ কোটি তাইওয়ানিজ ডলার বা ৫৮১ কোটি ডলার, যা কোম্পানির ইতিহাসে মাসওয়ারি সর্বোচ্চ আয়ের রেকর্ড। এর আগে চলতি বছরেরই জানুয়ারিতে সর্বোচ্চ ৫৭৮ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছিল বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিটি।
২০২২ সালের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) টিএসএমসির সমন্বিত আয় হয়েছে ২ হাজার ২২৯ কোটি ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ৪০ দশমিক ১ শতাংশ।
এক বিবৃতিতে টিএসএমসি জানায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১ হাজার ৭৬০ কোটি থেকে ১ হাজার ৮২০ কোটি ডলার আয়ের আশাবাদ তাদের। কোম্পানির প্রান্তিকওয়ারি প্রবৃদ্ধি সম্ভাবনা ১ দশমিক ৯ শতাংশ।
চলতি বছরে বিভিন্ন প্রযুক্তি ডিভাইসের শক্তিশালী চাহিদার জেরে টিএসএমসির আয় চাঙ্গা রয়েছে। চলতি বছরে ২৫-২৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশাবাদ টিএসএমসির। অ্যাপল সিলিকন ও অটোমোটিভ ইলেকট্রনিকসের মতো এইচপিসির (হাই প্রসেসিং কম্পিউটিং) চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রাখবে।
চীন ও তাইওয়ানে সাম্প্রতিক করোনা সংক্রমণ সত্ত্বেও চলতি বছরে পুরো উৎপাদন সক্ষমতা নিয়ে কাজের আশাবাদ টিএসএমসির।









