আনুষ্ঠানিকভাবে নিজেদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্লাটফর্ম ‘হেলথ হাব’ চালু করেছে বাংলালিংক। মাইবিএল অ্যাপের একটি ফিচার হিসেবে যুক্ত হওয়া এ প্লাটফর্ম বাংলালিংক গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ হেলথ সলিউশনের কাজ করবে। হেলথ হাবের পার্টনার ডাক্তারভাই, ডকটাইম ও পালসের বিভিন্ন ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা বাংলালিংক গ্রাহকরা এ প্লাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন।
আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলথ হাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো, বাংলালিংকের সিইও এরিক অস, হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালন রায়হান শামসি, ডকটাইমের শীর্ষ নির্বাহী উইলিয়াম ডেলইয়েল ও প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
হেলথ হাবের মাধ্যমে ডাক্তারের পরামর্শ, বীমা, হোম স্যাম্পল কালেকশন, মেডিসিন ডেলিভারির পাশাপাশি গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। বিশেষ দৈনিক, মাসিক ও বার্ষিক প্যাকেজে সাবস্ক্রাইব করে এ সুবিধাগুলো পাওয়া যাবে। হেলথ হাব সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বাংলালিংকের ওয়েবসাইট ও মাইবিএল অ্যাপে।
আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে হেলথ হাবের মতো উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতকে ডিজিটাল করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। আশা রাখি, এমন সম্মিলিত উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
ভিওন গ্রুপের শীর্ষ নির্বাহী কান তেরজিওগ্লো বলেন, হেলথ হাব চালু করা বাংলালিংকের একটি উল্লেখযোগ্য উদ্যোগ। কারণ এটি দেশের প্রধান স্বাস্থ্য সেবাদাতাদের একটি সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল সার্ভিসের আওতায় আনবে। এতে দেশের মানুষ বিশেষ সুবিধা পাবে।
বাংলালিংকের সিইও এরিক অস বলেন, বাংলালিংক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে এর ডিজিটাল প্লাটফর্মগুলোকে আরো কার্যকর করতে সবসময় আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে এবার আমরা সেরা কয়েকটি ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের সেবার পরিসর বৃদ্ধি করছি। এতে বাংলালিংকের কোটি কোটি গ্রাহক দেশের যেকোনো প্রান্ত থেকে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
সেরা ডিজিটাল সুবিধা প্রদান করে গ্রাহকদের জীবনযাত্রার মান আরো উন্নত করতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ। সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা এ লক্ষ্য অর্জনে একটি নতুন পদক্ষেপ।









