উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ডেস্কটপ সিস্টেমে ইনস্টল থাকা গুগল ক্রোমের পুরনো ভার্সন ব্যবহারকারী সবাই বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন। এ ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে গুগল। ওই সতর্কবার্তায় বলা হয়, ৩২০ কোটি ব্যবহারকারী সাইবার ক্রিমিনালদের হামলার ঝুঁকিতে রয়েছেন। এ সাইবার অপরাধীরা দূর থেকে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ করতে পারে। খবর ম্যাশেবল।

ক্রোমে সাম্প্রতিক ত্রুটির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়কে দায়ী করছেন। এর মধ্যে আছে ফ্রি-ইন স্টোরেজের ব্যবহার, বিএফ-ক্যাশ, দুর্বল নীতির প্রয়োগ ইত্যাদি। এ ত্রুটির মাধ্যমে মূলত জাভাস্ক্রিপ্ট ক্ষতিগ্রস্ত হবে; যা মাইক্রোসফট এজ, ব্রেভ ও ক্রোম ব্রাউজারে পাওয়া যায়। গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপ এ সমস্যাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়। ফলে সমস্যাটি ধরা পড়ার একদিন পর গত ১৪ এপ্রিল প্রতিকার ব্যবস্থা বাজারে ছাড়ে গুগল। এটি সব ক্রোম ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার কথা। তার পরও ব্যবহারকারীদের নিজ উদ্যোগে আপডেটের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। গুগল এরই মধ্যে কয়েক ধরনের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে যেন ব্যবহারকারীরা সুরক্ষিত থাকেন।