আইওএসের তুলনায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ৫০ গুণ বেশি ম্যালওয়্যার থাকার দাবি জানিয়েছে অ্যাপল। সম্প্রতি ব্রুস স্নাইয়ার নামের এক ক্রিপ্টোগ্রাফার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানান, সাইডলোডিংয়ে অ্যাপল নিরাপত্তা ঝুঁকির যে যুক্তি দিয়েছে সে রকম কিছুর সন্ধান পাওয়া যায়নি। এর উত্তরে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি এ কথা জানায়। খবর গ্যাজেটসনাউ।
সাইডলোডিং বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের বিষয়ে অ্যাপল বরাবরই শক্ত অবস্থানে ছিল। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও ম্যালওয়্যার সংক্রমণ রোধেই শক্ত অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
৯টু৫ম্যাক প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে অ্যাপল যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা। স্নাইয়ারের সমালোচনার জবাবে অ্যাপল জানায়, অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে আইওএসের তুলনায় ৫০ গুণ বেশি ম্যালওয়্যার রয়েছে। স্নাইয়ারের অভিযোগের বিষয়ে অ্যাপল বলে, স্নাইয়ারের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, তার অভিযোগগুলো হতাশাজনক।
২০২১ সালে নকিয়ার থ্রেট ইন্টেলিজেন্স প্রতিবেদনের কথা উল্লেখ করে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রমণের দিক থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের হার ৫০ দশমিক ৩১ শতাংশ। এরপর ২৩ দশমিক ১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উইন্ডোজ এবং ৯ দশমিক ২ শতাংশ ডিভাইস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাকওএস।










