বিশ্বের শীর্ষ মেমোরি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি টেকসই ননভোলাটাইল মাইক্রো এসডি কার্ড উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস। মূলত সার্ভিল্যান্স ক্যামেরার জন্য এ নতুন এসডি কার্ড বের করা হয়েছে। তথ্যানুযায়ী, ১৬ বছর পর্যন্ত রেকর্ডিংয়ের সময়কাল এসডি কার্ডটির। খবর কোরিয়া হেরাল্ড।
দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটির তথ্যমতে, প্রো এন্ডুরেন্স নামে এসডি কার্ডটি যেকোনো গতানুগতিক এসডি কার্ডের চেয়ে ৩৩ গুণ বেশি স্থায়ী। নতুন এসডি কার্ডটির সক্ষমতা ২৫৬ গিগাবাইট। সিসিটিভি, ড্যাশবোর্ড ক্যামেরা, দরজার ক্যামেরা ও অন্যান্য নজরদারিমূলক কাজে এসডি কার্ডটি বেশ সুবিধাজনক হবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে স্যামসাং। বিবৃতিতে বলা হয়, বাইরে ব্যবহারের কারণে প্রতিকূল পরিবেশে কখনো কখনো ক্যামেরার মেমোরি কার্ডের ক্ষতির আশঙ্কা থেকে যায়। তবে প্রো এন্ডুরেন্স ক্যামেরা ভরসাযোগ্য। এ এসডি কার্ডটির স্থায়িত্ব তুলনামূলক বেশি। পানি, চুম্বক, এক্স-রে, উচ্চ তাপমাত্রার বিরুদ্ধে এসডি কার্ডটি সুরক্ষিত রয়েছে।
তথ্যানুযায়ী, চিপটি ৩২, ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এসডি কার্ডটির খুচরা মূল্য ১০ ডলার ৯৯ সেন্ট থেকে ৫৪ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। স্যামসাং জানিয়েছে, নতুন চিপটিতে মেমোরি প্রসেসিংয়ের গতি দ্বিগুণ হবে।










