৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণ প্রস্তাব, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিরোধ ও মামলার ঘটনায় টুইটারকে নির্দিষ্ট কিছু তথ্য মাস্কের কাছে সরবরাহের নির্দেশ দিয়েছিলেন আদালত। এবার আদালতের কাছে পাল্টা আবেদন করেছে টুইটার। ২০২২ সালের প্রথম ছয় মাসে মাস্কের সব টেক্সট মেসেজ হস্তান্তরে বিচারকের কাছে আবেদন জানিয়েছে প্লাটফর্মটি। খবর গিজচায়না ও বিজনেস স্ট্যান্ডার্ড।

আবেদনের পরিপ্রেক্ষিতে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি জানায়, মামলায় সাক্ষ্য দেয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ ধনী ও টেসলাপ্রধান কোনো সহযোগিতা করছেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমটি জনগণের পক্ষে ডেলাওয়ারের একটি আদালতে এ আবেদন করে। পাশাপাশি মাস্ক ও তার আইনজীবীদের নিষিদ্ধের আবেদনও জানানো হয়।

আদালতে দাখিল করা আবেদনে ডেলাওয়ারের চ্যান্সেরি জজ ক্যাথালিন ম্যাককরমিক যেন ইলোন মাস্ককে ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সব টেক্সট মেসেজ হস্তান্তরের নির্দেশ দেন সে বিষয়টি জানানো হয়। এছাড়া মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি ইলোন মাস্কের অন্যতম সহযোগী জ্যারেড বার্চালের কাছ থেকেও একই সময়ের টেক্সট মেসেজ রেকর্ড সরবরাহের নির্দেশ দেয়ার কথা জানায়। বার্চাল মাস্কের ফ্যামিলি অফিস পরিচালনা করেন। গুঞ্জন রয়েছে, টুইটার অধিগ্রহণে অর্থায়নে তিনি গভীরভাবে সম্পৃক্ত।

টুইটারের আইনজীবীর দাবি, মাস্ক ও তার আইনজীবীরা ভালোভাবে মামলা পরিচালনায় সহযোগিতা করতে ব্যর্থ। আগামী ১৭ অক্টোবর ডেলাওয়ারের উইলমিংটনে মামলার শুনানির আগে টুইটার ও ইলোন মাস্ক শতাধিক ব্যাংক, হেজ ফান্ড ও ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে বলেছেন।

অন্যদিকে ইলোন মাস্কের আইনজীবীরা শুনানি-পূর্ববর্তী তথ্যপ্রমাণ আদান-প্রদানের বিষয়ে কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন। তাদের দাবি, প্লাটফর্মে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সরবরাহের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য টুইটার চেষ্টা চালাচ্ছে। চুক্তি থেকে সরে আসার আগে মাস্ক প্লাটফর্মটির কাছে এসব বিষয়ে প্রশ্ন করেছিলেন বলেও জানান তারা।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ইলোন মাস্কের এক আইনজীবী অ্যালেক্স স্পাইরো বলেন, প্রকৃত তথ্য ও সাক্ষীদের আড়াল করার বিষয়ে টুইটারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বর্তমানে তারা এ ধরনের তথ্য চেয়ে সবাইকে বিভ্রান্ত করতে চাইছে।

চুক্তির বিষয়ে টুইটারের প্রশ্নে ইলোন মাস্কের আইনজীবীরা যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটির জবাবদিহিতার জন্যও নির্দেশ দিতে ম্যাককরমিকের কাছে আবেদন করা হয়েছে।

অন্যদিকে এর আগে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যাচাইয়ে ২০২১ সালে টুইটার ব্যবহূত তথ্য ব্যবহারে ইলোন মাস্ককে অনুমতি দিয়েছিলেন আদালত। তবে অন্যান্য তথ্যপ্রাপ্তিতে সমালোচনায় থাকা মাস্কের আবেদন নাকোচ করে দেয়া হয়েছে। প্লাটফর্মে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সংগৃহীত নয় হাজার অ্যাকাউন্টের তথ্য মাস্কের কাছে হস্তান্তরে টুইটার বর্তমানে বাধ্য। সামাজিক যোগাযোগমাধ্যমটির বরাতে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, অ্যাকাউন্টগুলোর তথ্য সংরক্ষিত নেই এবং এগুলো খুঁজে পেতে বেশ ঝামেলা পোহাতে হবে। তবে চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক দুই সপ্তাহের মধ্যে মাস্কের কাছে তথ্য সরবরাহে টুইটারকে নির্দেশ দিয়েছেন।