জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করায় ডিডি গ্লোবালকে ৮০ কোটি ২৬ লাখ ইউয়ান বা ১১৯ কোটি ডলার জরিমানা করেছে চীনের সাইবারনিরাপত্তা নিয়ন্ত্রক। এর মাধ্যমে বছরব্যাপী একটি তদন্তের শেষ হলো যেটা কিনা নিউইয়র্ক থেকে চীনের এই রাইড শেয়ারিং জায়ান্টকে সরে যেতে বাধ্য করে। খবর রয়টার্স।

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চীন (সিএসি) জানায়, ২০১৫ সালের পর থেকে সাত বছরে ডিডি অবৈধভাবে লাখ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং ডাটা প্রসেসিং কার্যক্রমও পরিচালনা করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চেং উই এবং প্রেসিডেন্ট জিয়ান লিওয়ের প্রত্যেকে ১০ লাখ ইউয়ান করে জরিমানার মুখে পড়েছেন। সিএসির মতে, ডিডির আইন ও প্রবিধানের লঙ্ঘন খুবই গুরুতর। আর সেসবের কঠোর শাস্তি হওয়া দরকার।

উইবো অ্যাকাউন্টে এক বিবৃতিতে ডিডি জানায়, তারা সিএসির সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ভবিষ্যকে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটি ব্যাপক আত্মবিশ্লেষণ ও সংশোধন পরিচালনা করবে বলে জানা যায়। ২০২১ সালের ৩০ জুন প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত হওয়ার পর পরই তদন্ত পরিচালনার ঘোষণা দেয় সিএসি। অ্যাপস্টোর থেকে ডিডি নিয়ন্ত্রিত ২৫টি মোবাইল অ্যাপ সরিয়ে নেয়ার এবং জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ বিবেচনায় নতুন কোনো ব্যবহারকারীকে রেজিস্ট্রার না করারও নির্দেশও দেয় সংস্থাটি।

যদিও বিবৃতিতে নিয়ন্ত্রকরা এ অ্যাপকে নতুন করে আবার অ্যাপস্টোরে ফেরত আসার সুযোগ বা নতুন কোনো ব্যবহারকারীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেবে কিনা, সে বিষয়ে পরিষ্কারভাবে কোনো কিছু জানায়নি।