চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের আয় বাড়লেও মুনাফা কমেছে। অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন ব্যয় কমিয়ে দেয়ায় মার্কিন প্রযুক্তি জায়ান্টটির মুনাফা কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে অ্যালফাবেট জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের আয় হয়েছে ৬ হাজার ৯৭০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় বেশি অর্থ আয় করলেও টানা দ্বিতীয়বার মুনাফার আকার কমেছে গুগলের প্যারেন্ট কোম্পানির। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৬০০ কোটি ডলার মুনাফা করেছে অ্যালফাবেট, যা গত বছরের একই সময়ে করা ১ হাজার ৮৫০ কোটি ডলার থেকে আড়াইশ কোটি ডলার কমেছে। সার্চ ইঞ্জিন জায়ান্টটির প্রবৃদ্ধি দুই বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে বলে জানায় বার্তা সংস্থা এপি।

‘গুগল সার্চ অ্যান্ড আদার’-এ আসা বিজ্ঞাপন থেকেই সর্বোচ্চ আয় করে আসছে সার্চ ইঞ্জিনটি। দ্বিতীয় প্রান্তিকেও এ খাত থেকে ৪ হাজার কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে কোম্পানিটি।

গুগলের ক্রাউড ব্যবসা থেকে আয় হয়েছে ৬২০ কোটি ডলার। তবে সামগ্রিকভাবে প্রায় ৮৫ কোটি ৮০ লাখ ডলার লোকসান হয়েছে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটির। এছাড়া ইউটিউব বিজ্ঞাপন থেকে কোম্পানিটি আয় করেছে প্রায় ৭৩০ কোটি ডলার।