আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মডেল কণ্ঠ শুনেই কভিড-১৯-এর সংক্রমণ চিহ্নিত করতে পারবে। সেলফোনের একটি অ্যাপের মাধ্যমে এ শনাক্তকরণ কাজটি করবে এআই। নতুন এ গবেষণা স্পেনের বার্সেলোনায় ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি ইন্টারন্যাশনাল কংগ্রেসে উপস্থাপিত হয়েছে। খবর টেকটাইমস।
নিউজ মেডিকেলের তথ্য বলছে, গবেষণায় যে এআই মডেল ব্যবহার করা হয়েছে সেটি ল্যাটেরাল ফ্লো বা র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের তুলনায় সাশ্রয়ী এবং সহজে ও দ্রুত ব্যবহার করা যায়। স্বল্প আয়ের দেশগুলোয় এ প্রযুক্তির প্রয়োগ আরো সুবিধাজনক হবে। কারণ এসব দেশে পিসিআর টেস্ট খুবই ব্যয়বহুল।
ল্যাটেরাল ফ্লো টেস্টিংয়ের সঠিকতায় অনেক ক্ষেত্রে পার্থক্য দেখা যায় ব্র্যান্ডের কারণে। কিন্তু এআই মডেলটি ৮৯ শতাংশ সঠিক ফল দেয়। নেদারল্যান্ডসের মাসট্রিকট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডাটা সায়েন্সের গবেষক ওয়াফা আলজবানি এ কথা জানান।
তিনি যোগ করেন, যাদের দেহে উপসর্গ নেই তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটি চিহ্নিত করার ক্ষেত্রে ল্যাটেরাল ফ্লো টেস্টের সক্ষমতা আরো কম। এ সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীকে তাদের স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেই সঙ্গে কিছু মৌলিক জনসংখ্যাগত, মেডিকেল ও ধূমপান-সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর তাদের শ্বাসযন্ত্রের শব্দ রেকর্ড করার কথা বলা হবে।
অ্যাপ ব্যবহারকারীকে পরীক্ষা করার জন্য তিনবার কাশি, তিন থেকে পাঁচবার মুখ দিয়ে জোরে শ্বাস নেয়া, স্ক্রিনে থাকা একটি বড় বাক্য তিনবার পড়ে শোনানোর মতো পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
এখানে গবেষকরা কণ্ঠ বিশ্লেষণের একটি পদ্ধতি ব্যবহার করেছেন, যেটার নাম মেলস্পেকট্রাম অ্যানালাইসিস। সেখানে ভিন্ন ভিন্ন কণ্ঠের বৈশিষ্ট্য, যেমন—ভলিউম, শক্তি ও সময়ের সঙ্গে সঙ্গে ওঠানামার বিষয়গুলো আলাদা করা হয়।










