বিভিন্ন গোয়েন্দা তথ্যে স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ওপর সাইবার হামলা চালাতে পারে রাশিয়া। গতকাল সোমবার এমনই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

বাইডেন বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের ওপর সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। তবে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সকল সরঞ্জাম ব্যবহার করে সাইবার হামলা মোকাবেলা করবে।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে মস্কো সাইবার হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, মস্কো ও যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ভাঙনের মুখে রয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়া সাইবার হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন বাইডেন, যুক্তরাষ্ট্র হামলার উত্তর দিতে প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ২৪ ফেব্রুয়ারিতেই।

সোমবারের বিবৃতিতে বাইডেন জানিয়েছেন, নতুন নতুন গোয়েন্দা তথ্য আসছে এবং রাশিয়া সরকার বিকল্প উপায়গুলো নিয়ে ভাবছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, নিজ দেশের প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার যেকোন হামলা ফিরিয়ে দেয়ার দুর্ভেদ্য দেয়াল তৈরির আহ্বান জানান তিনি।