গেম স্ট্রিমিং ও ক্লাউড টিভির কার্যক্রম চালু রাখতে ভবিষ্যতে নিজস্ব হার্ডওয়্যার ও অ্যাপ চালুর কথা জানিয়েছে এক্সবক্স। খবর টেকটাইমস।

গেমসরাডারের তথ্যানুযায়ী, গেম পাস টাইটেল ও ক্লাউড সাপোর্টেড গেমসের জন্য ডিভাইস ও অ্যাপ তৈরি করা হবে। ২০২০ সাল থেকেই এগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে এবং এক বছরের মধ্যে এগুলো বাজারজাত করা হবে।

নির্মাণকাজ শুরুর দিকে এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার এক্সক্লাউড টিভি স্ট্রিমিং স্টিকস এবং এক্সবক্স গেম পাস প্লাটিনাম টায়ার চালুর বিষয়ে জানিয়েছিলেন। যার মাধ্যমে ব্যবহারকারীরা নতুন হার্ডওয়্যার বাজারে আনার সঙ্গে সঙ্গেই তথ্য পেয়ে যাবে। ভেঞ্চারবিটের কাছ থেকে মূল প্রতিবেদনটি প্রকাশ্যে আসে। প্রতিবেদনে নামবিহীন সূত্রের বরাতে রকুর মতো ডিভাইস আনার বিষয়টি উল্লেখ করা হয়। এ প্লাগইনের মাধ্যমে ব্যবহারকারীরা এক্সবক্সের গেমগুলো স্ট্রিম করতে পারবে এবং এর সঙ্গে আলাদা স্মার্ট টিভি অ্যাপও যুক্ত হবে।

স্ট্রিমিং ডিভাইসের পাশাপাশি ক্লাউড টিভি অ্যাপও আনবে এক্সবক্স। সূত্র জানায়, স্যামসাং টিভির জন্য একটি এক্সবক্সভিত্তিক গেম স্ট্রিমিং অ্যাপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে প্রতিষ্ঠানটি কাজ করছে।