ইন্টারনেটের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন প্রস্তাব করেছে ব্রাজিল। এ আইনের বিরোধিতা করে প্রচারণার অভিযোগ গুগল ও টেলিগ্রামের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর রয়টার্স।
লোয়ার হাউসের স্পিকার আর্থার লিরার একটি অনুরোধের ভিত্তিতে বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস তদন্ত চালুর সিদ্ধান্ত দেন। প্রযুক্তি সংস্থাগুলো তাদের প্লাটফর্মে বিলের বিরুদ্ধে প্রচারণা চালানোর পরই এ সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে এলো। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্লাটফর্ম থেকে পোস্টগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিচারপতি মোরেস ফেডারেল পুলিশকে তদন্ত চালানোর জন্য ৬০ দিন সময় দিয়েছেন। পাশাপাশি বিলের বিরুদ্ধে “অপমানজনক প্রচারণার” জন্য কোম্পানিগুলোয় দায়ীদের চিহ্নিত করতে ও তাদের কাছ থেকে সাক্ষ্য নেয়ার নির্দেশ দিয়েছেন।
লিরা জানান, বাজারে আধিপত্য থাকায় প্রযুক্তি কোম্পানিগুলো আইনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা চালিয়েছে। এজন্য তারা সব ধরনের কৌশল অবলম্বন করেছে।










