দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামতোয় দ্বিতীয় চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা ভাবছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। বর্তমানে সেখানে একটি কারখানার নির্মাণকাজ চলমান। সম্প্রতি অঞ্চলটির একটি সংবাদ সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর মাইনচি।

শেয়ারহোল্ডারদের সঙ্গে বার্ষিক সাধারণ সভা শেষে টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাবে এ কথা জানান। তিনি জানান, নতুন কারখানাটিও নির্মাণাধীন ইউনিটের অঞ্চলেই। নতুন কারখানায় অ্যাডভান্সড প্রযুক্তির পরিবর্তে ম্যাচিউর উৎপাদন প্রযুক্তিতে মনোযোগ দেয়া হবে।

কুমামতোর কিকুয়োয় ৮৬০ কোটি ডলার ব্যয়ে ওয়াফার প্লান্ট স্থাপন করবে টিএসএমসি। সংশ্লিষ্টদের আশা, ২০২৪ সাল নাগাদ এখানে উৎপাদন কার্যক্রম শুরু হবে। সনি গ্রুপ, ডেনসোসহ জাপানের বেশকিছু অটো পার্টস উৎপাদনকারী কোম্পানি এ কারখানায় বিনিয়োগ করছে। অন্যদিকে জাপানের সরকার আর্থিক সহায়তাও দিচ্ছে। লিউ জানান, জাপান সরকারের আশা চিপ উৎপাদনকারী কোম্পানিটি দেশে বিনিয়োগ অব্যাহত রাখবে। কেননা অনেক গ্রাহকের মতে, টিএসএমসির উৎপাদন সক্ষমতা এখনো অনেক কম।