গত বছর এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের
৫০০টি বড় কোম্পানি সংশ্লিষ্ট প্রযুক্তি সংস্থায় প্রধান নির্বাহী পদে নারীর উপস্থিতি
১০ শতাংশেরও কম ছিল। এ হিসেবে টুইটারে লিন্ডা ইয়াকারিনোর যোগদান বড় একটি ঘটনা।
অবশ্য ইলোন মাস্ক সিই্ও পদ ছেড়ে অন্যের
হাতে তুলে দিচ্ছেন সেটাও খবর। তিনি নিজেই সেই খবর টুইট করে জানিয়েছেন।
মাস্ক নতুন সিইও-এর নাম উল্লেখ না করলেও
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিপণন নির্বাহী লিন্ডা ইয়াকারিনো
এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যোগ দিচ্ছেন।
সম্প্রতি লিন্ডার সঙ্গে মাস্কের আলোচনা
হয়েছে বলে জানা যায়। তবে চূড়ান্ত খবর কোনো পক্ষই নিশ্চিত করেনি।
এটা নিশ্চিত যে, টুইটারের সিইও হচ্ছেন
একজন নারী। কারণ মাস্ক তার বিবৃতিতে ‘হি’ নয় ‘সি’ বলে সম্বোধন
করেছেন। এর পর থেকের জল্পনায় আছেন লিন্ডা ইয়াকারিনো।
মার্কিন করপোরেট জগতে লিন্ডা পরিচিত নাম।
এক দশকেরও বেশি সময় বহুজাতিক মিডিয়া সংস্থা এনবিসি ইউনিভার্সালের সঙ্গে কাজ করছেন।
সংস্থার বিজ্ঞাপন-সমর্থিত স্ট্রিমিং পরিষেবা পিকক চালুর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন
তিনি।
টার্নার এন্টারটেইনমেন্টে ১৯ বছর কাজের
অভিজ্ঞতা রয়েছে লিন্ডার। নেটওয়ার্কটির বিজ্ঞাপন খাতকে ডিজিটাল দুনিয়ায় পথ দেখানোর
কৃতিত্বও তার।
লিন্ডা ইয়াকারিনো পড়াশোনা লিবারেল আর্টস
ও টেলিকমিউনিকেশনে। পেন স্টেট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তিনি।
গত মাসে মিয়ামিতে একটি বিজ্ঞাপন সম্মেলনে
মাস্কের সাক্ষাৎকার নিয়েছিলেন লিন্ডা। ওই সময় টেসলা বসের কাজের প্রশংসা করেন তিনি।
এদিকে কোম্পানির নেতৃত্ব ঠিক রাখা ও নিজের
অন্যান্য ব্যবসায় মনোযোগ দেয়ার জন্য মাস্ক সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে রয়েছেন। গত
বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নেয়ার পর একা হাতেই সব সামলাচ্ছেন।
এই সময় ব্যাপক ছাঁটাই ও রদ বদলের মধ্য দিয়ে গেছে ডিজিটাল প্লাটফর্মটি।
গত বছর অনলাইন জরিপে টুইটার ব্যবহারকারীরা
মাস্কের দায়িত্ব পালনের বিরুদ্ধে ভোট দেয়। এখন তিনি লাগাম হস্তান্তরে সম্মত হলেও তা
কবে নাগাদ হবে স্পষ্ট নয়।
এই ঘোষণার পর টেসলার শেয়ারের দাম বেড়েছে।
এর আগে টুইটারে মনোযোগ দেয়ায় গাড়ি কোম্পানির ক্ষতি হয়েছে বলে শেয়ারহোল্ডাররা মাস্কের
বিরুদ্ধে অভিযোগ আনেন।
ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের
ড্যান আইভস জানান, মাস্কের এ ঘোষণা বড় একটি পদক্ষেপ। কারণ টুইটার, টেসলা ও স্পেসএক্সের
সিইও হিসেবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা একটি অসম্ভব কাজ।










