সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক এক টুইটার কর্মীকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তথ্য পাচার, মিথ্যা সাক্ষ্য ও মানি লন্ডারিংয়ের কারণে মার্কিন নাগরিক আহমেদ আবোয়াম্মো দোষী সাব্যস্ত হয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, আবোয়াম্মো ২০১৪-১৫ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে টুইটারের মিডিয়া পার্টনারশিপ তদারক করছিলেন। রাষ্ট্রপক্ষের দায়ের করা অভিযোগ অনুযায়ী, তিনি এবং টুইটারের আরেক কর্মী প্রকৌশলী আলি আলজাবারাহ সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে সহযোগিতার জন্য নগদ ও বিলাসবহুল পণ্যের প্রস্তাবও করেছিলেন।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিচার এড়াতে প্রকৌশলী আলজাবারাহ সৌদি আরবে পালিয়ে যান। সৌদি সরকারের সঙ্গে তার যোগাযোগের কারণে টুইটার কিছু ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়েছিল।
আদালতে উত্থাপিত যুক্তিতর্কে উঠে আসে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরকারের এক গুরুত্বপূর্ণ সদস্য টুইটার কর্মীদের টোপ ফেলেছিলেন। সৌদি যুবরাজের সমালোচক হিসেবে পরিচিত ব্যক্তিদের তথ্য হাতিয়ে নিতে তাদের সহযোগিতা চেয়েছিলেন। সমালোচকদের জন্মতারিখ, ই-মেইল ঠিকানা, ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন।










