রাশিয়ার বাজারে স্মার্টফোন বিক্রি শুরুর তথ্য অস্বীকার করেছে স্যামসাং ইলেকট্রনিকস। একটি রুশ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটি আগামী মাসে রাশিয়ায় স্মার্টফোন বিক্রি শুরু করবে বলে যে তথ্য প্রকাশ হয়েছে তা নাকচ করে দিয়েছে স্যামসাং। ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটিতে ছয় মাস ধরে পণ্য রফতানি বন্ধ রেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
এর আগে রাশিয়ান পত্রিকা ইজভেস্টিয়া কোম্পানির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলেছিল যে অক্টোবরে রাশিয়ায় বিক্রি শুরু করতে পারে স্যামসাং। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রুশ পত্রিকাটি জানিয়েছিল, স্যামসাং তার রাশিয়ান ডিলারদের কাছে স্মার্টফোনের চালান পুনরায় শুরু এবং অক্টোবরে তাদের অফিশিয়াল অনলাইন স্টোর চালু করার কথা বিবেচনা করছে।
উল্লেখ্য, গত বছর রাশিয়ায় শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল স্যামসাং। এ বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার আগে স্যামসাং রাশিয়ার স্মার্টফোনের বাজারের প্রায় ৩০ শতাংশ অংশীদার নিয়ে অ্যাপল ও শাওমির মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে ছিল। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে রাশিয়ায় স্মার্টফোনের চাহিদা ৩০ শতাংশ কমে ১০ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে।
স্মার্টফোনের চাহিদা সম্ভবত শিগগিরই পুরোপুরি আগের অবস্থায় ফিরবে না। তবে স্যামসাং আগামী মাসে রাশিয়ায় তার অনলাইন স্টোর পুনরায় চালু হওয়ার সর্বশেষ প্রতিবেদনটি সত্য নয় বলে জানিয়েছে।










