যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্প খাতকে আরো এগিয়ে নিতে চায় দেশটির সরকার। এ লক্ষ্যে আগামী মাসে তাইওয়ানের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নতুন মার্কিন আইন নিয়ে আলোচনা হবে। মার্কিন এক শীর্ষ কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন চিপস অ্যান্ড সায়েন্স আইনে সই করেন। সেখানে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদন ও খাতসংশ্লিষ্ট গবেষণার জন্য সরকারের পক্ষ থেকে ৫ হাজার ২০০ কোটি ডলার ভর্তুকি দেয়ার কথা বলা হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা চালুর বিষয়ে উৎসাহ দিচ্ছে মার্কিন সরকার। এক্ষেত্রে তাইওয়ানের বিনিয়োগকেও স্বাগত জানায় বাইডেন প্রশাসন। তাইওয়ানের টিএসএমসি ও গ্লোবাল ওয়েফারস কোম্পানির বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে।
তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউটের পরিচালক সান্দ্রা অদকির্ক বলেন, দেশ দুটির মধ্যে বিনিয়োগ সম্পর্ককে জোরদার করতে ইউএস-তাইওয়ান টেকনোলজি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোলাবরেশন ফ্রেমওয়ার্ক (টিটিআইসি) গঠন করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সহায়তা করছে। এখন এ প্লাটফর্ম ব্যবহার করে আমরা সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজ করছি, যেমন চিপ সংকট মোকাবেলা। কারণ এজন্য এরই মধ্যে বেশকিছু খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী অক্টোবরে এ ফ্রেমওয়ার্কের অধীনে আরো কিছু কাজ করা হবে। এর মধ্যে রয়েছে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন, যেখানে কীভাবে যুক্তরাষ্ট্রের চিপস অ্যান্ড সায়েন্স আইনটি কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।










