চলতি অর্থবছরে রেকর্ড ৯০০ কোটি ডলারের বিজ্ঞাপন চুক্তি নিশ্চিত করেছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। বিভিন্ন লাইভ ইভেন্টের চাহিদা বৃদ্ধি ও স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাসে বিজ্ঞাপন চুক্তির ফলে ২০২২-২৩ অর্থবছরে এ আয় করতে যাচ্ছে জায়ান্টটি।
সম্প্রতি ডিজনি জানায়, মোট বিজ্ঞাপন চুক্তির ৪০ শতাংশ পেয়েছে ডিজনি প্লাস, ইএসপিএন প্লাস ও হুলু।
মহামারীতে বিনোদন জগতে বিভিন্ন পালাবর্তনের মধ্যে ক্রীড়া ও বিভিন্ন লাইভ ইভেন্টে জোর দেয়া শুরু করে মিডিয়া পাওয়ারহাউজটি। রেকর্ড মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক টানাপড়েনে বিজ্ঞাপন আয় হ্রাসের শঙ্কার মধ্যে এদিকে মনোযোগ বাড়িয়েছে তারা।
গত মাসে রয়টার্সের অন্য এক প্রতিবেদনে উঠে আসে, প্রতিদ্বন্দ্বী এনবিসি ইউনিভার্সাল-পরবর্তী অর্থবছরের জন্য ৭০০ কোটি ডলার বিজ্ঞাপন প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।
গত দেড় বছরে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), উইম্বলডন
ও অস্ট্রেলিয়ান ওপেনের স্বত্ব পেয়েছে ডিজনি। এছাড়া জনপ্রিয় এফএ কাপের স্বত্ব পুনরায় নিশ্চিতের পাশাপাশি ইএসপিএন প্লাসে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের চুক্তি বাগিয়ে নিয়েছে।
গত সপ্তাহে ডিজনি জানায়, ২৩ আগস্ট থেকে ইএসপিএন প্লাসের মাসিক সাবস্ক্রিপশন ফি ৪৩ শতাংশ বাড়িয়ে ৯ দশমিক ৯৯ ডলার করা হচ্ছে।










