চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এলজি ইলেকট্রনিকসের পরিচালন আয় হয়েছে ৭৯ হাজার ২০০ কোটি ওন বা ৬০ কোটি ৯০ লাখ ডলার। মূল্যস্ফীতি ও টিভি ও অন্যান্য গৃহস্থালি পণ্যের চাহিদা কমায় কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ১২ শতাংশ। দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থাটির আর্থিক ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ইয়োনহাপ ইনফোম্যাক্সের জরিপে দেখা গেছে, এলজির মোট আয় ১৫ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। প্রিমিয়াম গৃহস্থালি পণ্য ও গাড়ির যন্ত্রাংশ বিক্রিতে দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ আয় করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস জায়ান্টটি।
এপ্রিল-জুন প্রান্তিকে সবচেয়ে ধাক্কা খেয়েছে এলজির টিভি ব্যবসা। বিপণন ব্যয় বৃদ্ধি ও মানুষ এখন ঘরে কম সময় কাটানোর ফলে টিভি কেনা কমিয়ে দিয়েছে। এলজির হোম এন্টারটেইনমেন্ট খাত ১ হাজার ৮৯০ কোটি ওন পরিচালন লোকসান গুনেছে।
ভোক্তাপণ্যের চাহিদা কমলেও বিশেষ করে উত্তর আমেরিকায় প্রিমিয়াম গৃহস্থালি পণ্যের চাহিদা বেড়েছে। এতে এ সেগমেন্টে দুই অংকের প্রবৃদ্ধি করেছে এলজি।
বছরের দ্বিতীয়ার্ধে ফিফা বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে বিপণন কৌশল সাজাবে এলজি। এর মাধ্যমে প্রিমিয়াম টিভি সেগমেন্টে শক্তিশালী প্রবৃদ্ধির আশা করছে তারা।










