নেট দুনিয়ার অন্যতম অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ধরনের ডিজিটাল প্লাটফর্ম। তবে বৃহত্তম ভিডিও প্লাটফর্ম ইউটিউব বিনোদনপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ইউটিউবারদের বৈচিত্র্যপূর্ণ নানাবিধ ভিডিও কনটেন্ট ইন্টারনেট ব্যবহারকারীকে বেশ আকর্ষণ করে। কেননা ইউটিউব কনটেন্ট নির্মাতাদের শর্তভিত্তিক পে (মনিটাইজেশন) করে। সম্প্রতি টুইটারের নতুন স্বত্বাধিকারী ইলোন মাস্ক এ প্লাটফর্মের নির্মাতাদের জন্য উপার্জনের সুযোগ চালুর কথা জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তির এ নতুন যুগে পৃথিবী এখন ইন্টারনেটের অদ্ভুত সুতোয় গেঁথে আছে। ইন্টারনেট মানুষের জীবনের সঙ্গে গড়ে তুলেছে এক গভীর মিতালি। সময়ে-অসময়ে এখন সবাই ঘুরে বেড়ায় নেট দুনিয়ায়। কখনো ইউটিউব, কখনো ফেসবুক, কখনো টিকটক কিংবা অন্য কোনো ডিজিটাল প্লাটফর্মে। ইলোন মাস্ক সদ্য অধিগ্রহণ করা টুইটারকে এ নেট দুনিয়া থেকে মুনাফা আদায়ের দৌড়ে এগিয়ে নিতে ও প্লাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছেন।
অল্প কয়েকদিন আগে মাস্ক টুইট করেছিলেন শিগগিরই টুইটারে দীর্ঘ টেক্স পোস্ট করার সুযোগ পাওয়া যাবে। ক্লিপ বোর্ড বা ফটো স্ক্রিনশট পোস্ট করার ঝামেলা আর থাকছে না। এরপর তিনি আরেকটি টুইটে লেখেন, সব ধরনের টুইটার কনটেন্টে মনিটাইজেশন চালু করা হবে।
মাস্কের টুইটে অনেক জনপ্রিয় ভিডিও কনটেন্ট নির্মাতা যুক্ত হয়েছিলেন, যারা তার এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এতে সব ধরনের কনটেন্ট নির্মাতা তাদের প্রাপ্য সম্মানী পাবেন। অবশ্য অনেকে ভুল তথ্য প্রকাশের ব্যাপারে নীতিমালা কী হবে সে বিষয়ে প্রশ্নও তুলেছেন।
মাস্ক ভিডিও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন, টুইটারের সব কনটেন্ট মনিটাইজেশনের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ইউটিউব শীর্ষ এন্টারটেইনারদের কনটেন্টে বিজ্ঞাপনী আয় থেকে ৫৫ শতাংশ দেয়। এ বড় ধরনের কর্তন কমাবে টুইটার।
জর্জ মোস্ট নামের একজন কনটেন্ট নির্মাতা কনটেন্ট মনিটাইজেশন কখন থেকে চালু হবে জানতে চাইলে মাস্ক জানান, দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে। এরই মধ্যে টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য টুইটার ব্লু ফিচার চালু করেছে। ফিচারটি ব্যবহার করতে প্রতি মাসে টুইটারকে দিতে হবে প্রায় ৮ ডলার।
প্লাটফর্মটি বর্তমানে দীর্ঘ ভিডিও পোস্ট করার সুযোগ দিচ্ছে না। টুইটার ব্যবহারকারীরা ২ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও কনটেন্টগুলো আপাতত পোস্ট করতে পারছেন। তবে মাস্ক গত শনিবার এক টুইটে জানিয়েছেন, টুইটার ব্লুর গ্রাহকরা ৪২ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে সক্ষম হবে।
এভরিডে অ্যাস্ট্রোনাট নামের একটি ইউটিউব কনটেন্ট নির্মাতা চ্যানেল মাস্কের মনিটাইজেশন সংক্রান্ত টুইটে যুক্ত হয়ে জানিয়েছে, যদি টুইটার তাদের পূর্ণদৈর্ঘ্যের ভিডিও কনটেন্টগুলো আপলোড করার সুযোগ দেয় এবং ইউটিউবের মতো কনটেন্ট নির্মাতাদের পে করে তাহলে তারা কনটেন্টগুলো আপলোড করবেন। বর্তমানে মাইক্রোব্লগিং সাইটটির বার্ষিক ৫০০ কোটি ডলার আয়ের ৯০ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে। তবে আয়ের এ প্রবাহ প্রতিষ্ঠানটির মালিকানা বদলের সঙ্গে সঙ্গে বড় ধরনের ধাক্কা খেয়েছে। কেননা অডি, কার্লসবার্গ ও ইউনাইটেড এয়ারলাইনসের মতো বড় বিজ্ঞাপনদাতারা বিভিন্ন আশঙ্কার মধ্যে চুক্তি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে।










