মোবাইলে নতুন ফিচার নিয়ে আসছে মাইক্রোসফট অফিস ওয়েব ভার্সন। এর মাধ্যমে স্যামসাং ও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট ওয়েব অ্যাপসে সরাসরি ইমেজ যোগ করার সুযোগ পাবেন। খবর স্যাম মোবাইল ডটকম।

যদিও আজকাল ফটোগ্রাফিতে আগ্রহীরা স্মার্টফোনের মাধ্যমে কার্যসম্পাদন করেন। তবে নতুন ফিচারটি মাইক্রোসফট ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত সংযোজন হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে উইন্ডোজ মোবাইল ব্যবহারকারীরা লিংক অ্যাপস ব্যবহারের মাধ্যমে উইন্ডোজ পিসি ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে কনটেন্ট আদান-প্রদান করতে পারেন। মাইক্রোসফট ফোন লিংক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ও উইন্ডোজ পিসির মধ্যে কনটেন্ট আদান-প্রদানের ফিচার আগেই চালু করা হয়েছে।

কিন্তু কোম্পানিটি প্রথমবারের মতো নিজস্ব অ্যাপে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সরাসরি ছবি নেয়ার কার্যক্ষমতা যোগ করল। ওয়েবভিত্তিক ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ফাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সরাসরি ছবি নেয়ার জন্য প্রথমে ফাইলের ইনসার্ট ফিচারে ক্লিক করতে হবে। তারপর পিকচার্স অপশনটি থেকে মোবাইল ডিভাইস খুঁজে তাতে ক্লিক করতে হবে।

তবে অ্যান্ড্রয়েড ডিভাইস উইন্ডোজ পিসির সঙ্গে আগে থেকে লিংক করা না থাকলে ব্যবহারকারীকে এক্ষেত্রে বাড়তি কিছু পদক্ষেপ নিতে হবে। এজন্য প্রথমে কম্পিউটার স্ক্রিনে আসা কিউ আর কোড স্ক্যান করতে হবে ব্যবহারকারীকে, তারপর গুগল প্লে স্টোর থেকে উইন্ডোজ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর পিসি থেকেই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ছবি ব্রাউজ করে দেখতে পারবেন ব্যবহারকারী; প্রয়োজনমতো জুড়ে দিতে পারবেন ওয়ার্ড ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে।