২০২৩ সালের শুরুতে প্রতি সেকেন্ডে ৫ ও ৮ গিগাবাইট গতির সংযোগ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল ফাইবার। নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এ প্যাকেজ চালু করা হচ্ছে। খবর দ্য ভার্জ ও টমস হার্ডওয়্যার।
গুগল ফাইবারের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আমালিয়া ও সুলিভানের এক ব্লগ পোস্টের তথ্যানুযায়ী, যারা প্রতিনিয়ত ক্লাউড অবকাঠামোতে কিংবা বিশাল পরিমাণ ডাটা নিয়ে কাজ করে এবং যেসব বাড়িতে অনেক মানুষ একত্রে বসবাস করে তাদের জন্য এ সংযোগ ভালো উপকারে আসবে।
ব্লগ পোস্টে সুলিভান বলেন, ফাইলের আকার যত বড়ই হোক না কেন ৫ গিগাবাইটের প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো সমস্যা ছাড়াই একই সঙ্গে আপলোড ও ডাউনলোড করতে পারবেন। অন্যদিকে ৮ গিগাবাইটের সংযোগ ব্যবহার করলে সেটি দ্রুতগতির ইন্টারনেট সংযোগের পাশাপাশি বাধাহীন অভিজ্ঞতা দেবে।
গুগল ফাইবারের নতুন দুটি সংযোগের সঙ্গে ওয়াই-ফাই ৬ রাউটার ও দুটি মেশ এক্সটেন্ডার থাকবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটি ইনস্টল করে দেয়া হবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজস্ব রাউটার ব্যবহার করতে পারবে। ৫ গিগাবাইট গতির সংযোগ ব্যবহারে প্রতি মাসে ১২৫ ডলার ও ৮ গিগাবাইটের সংযোগ ব্যবহারে ১৫০ ডলার ফি দিতে হবে। তবে দুটি সংযোগেই ব্যবহারকারীরা উল্লেখযোগ্য আপলোড ও ডাউনলোড স্পিড পাবে। গুগল ফাইবারের কিছু সৌভাগ্যবান ব্যবহারকারী আগেই নতুন দুটি সংযোগ পরীক্ষার সুযোগ পাবে।
ব্লগে সুলিভান বলেন, উটাহ, কানসাস সিটি ও ওয়েস্ট ডেস মইনেসে অবস্থানরত গুগল ফাইবারের ব্যবহারকারীরা আগামী মাসেই নতুন সংযোগগুলো নিরীক্ষার সুযোগ পাবে।










