২০২৪ সালের মধ্যে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার ক্লাবে পা রাখতে পারেন ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি মাস্কের ভবিষ্যত নিট সম্পদের পরিমাণ অনুমান সংক্রান্ত টিপালটি অ্যাপ্রুভের করা এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। খবর টেক টাইমস।

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করে আছেন টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। গত ২৪ ফেব্রুয়ারি টেসলার শেয়ার মূল্যে ধ্বস নামলে এক ধাক্কায় ১ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলারের লোকসান গুণতে হয় তাকে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে তার সামগ্রিক সম্পদের ওপর। তারপরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা যুক্ত রয়েছে তার নামের সঙ্গেই।

তবে নতুন গবেষণাটি বলছে, কয়েক বছরের মধ্যে ইলন মাস্ক আর বিলিয়নিয়ার থাকবেন না। কারণ ততদিনে এই প্রযুক্তি ব্যবসায়ীর নামের সঙ্গে ট্রিলিনিয়ারের তকমা জুটে যাবে।

টেসলা নর্থের সাম্প্রতিক প্রতিবেদনেও একই রকম তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ৫২ বছরে পা দেয়ার আগেই ট্রিলিয়নের সম্পদ সংগ্রহ করে ফেলবেন।

মাস্কের বার্ষিক গড় আয়ের ভিত্তিতে গবেষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে টিপালটি অ্যাপ্রুভ। সংস্থাটি অনুমান, ২০২৪ সালের কোনো এক সময় ট্রিলিয়নিয়ার ক্লাবের প্রথম সদস্য হিসেবে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। টেসলা প্রধানের আয়ের ওপর আলোকপাত করে তৈরি করা প্রতিবেদনে দেখা যায়, মাস্কের আয় বার্ষিক গড়ে ১২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আয়ের এ ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালের মধ্যে মাস্ক বিলিয়নিয়ারের সীমানা ছাড়িয়ে যাবেন বলে ধারণা সংস্থাটির।

অ্যাপ্রুভ জানায়, অনুমান করা হচ্ছে পরবর্তী দুই বছরে এই প্রযুক্তি নির্বাহীর নিট সম্পদের পরিমান দাঁড়াতে পারে ১ লাখ ৩৮ হাজার কোটি ডলারে।