চলতি বছরের চুক্তির ভিত্তিতে চিপ উৎপাদন ব্যয় ২০ শতাংশ বাড়াতে ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা করছে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
বিষয়টি সম্পর্ক অবগত সূত্রের বরাতে ব্লুমবার্গ জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এ সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। মূলত এ খাতে ব্যবহূত কাঁচামাল ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। চুক্তির ভিত্তিতে যেসব চিপ উৎপাদন করা হয়, সেগুলোর মূল্য ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে। চিপ উৎপাদনে ব্যবহূত প্রযুক্তি ও নোডের ভিত্তিতে দামের পার্থক্য নির্ধারিত হবে বলে ব্লুমবার্গ সূত্রে জানা গেছে। স্যামসাং এরই মধ্যে বেশকিছু ক্লায়েন্টের সঙ্গে ব্যয় বাড়ানোর বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। অন্যদের সঙ্গে আলোচনা চলছে।









