অ্যাভাটারের জন্য ডিজিটাল আউটফিট বা পোশাক কেনার সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বিশেষ করে মেটাভার্সে যেসব ব্যবহারকারী অবস্থান করবেন, তাদের সুবিধার্থে এটি চালু করা হচ্ছে। খবর গ্যাজেটসনাউ।

ফেসবুক পোস্টে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানান, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের জন্য অ্যাভাটার স্টোর চালু করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা তাদের অ্যাভাটারের জন্য পছন্দের ডিজিটাল পোশাক কিনতে পারবেন। মেটাভার্সে নিজেকে উপস্থাপনের জন্য ডিজিটাল পণ্য গুরুত্বপূর্ণ পন্থা। সেই সঙ্গে এটি ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে সহায়তা করবে। ভবিষ্যতে প্লাটফর্মে আরো ব্র্যান্ড যুক্তের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিতে এটি যুক্ত করার বিষয়েও তিনি আশাবাদী।

আগামী সপ্তাহে নির্দিষ্ট কিছু দেশে অনলাইন স্টোর চালু করা হবে। স্টোরে প্রাথমিক পর্যায়ে ব্যালেনসিয়াগা, প্রাডা ও থম ব্রাউনির ডিজিটাল আউটফিট বা পোশাক দেখানো হবে। এসব আউটফিট বা পোশাক ক্রয়ে কোনো অর্থ ব্যয় করতে হবে কিনা, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। সম্প্রতি ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা তার কোয়েস্ট ভিআর হেডসেটে প্যারেন্টাল কনট্রোল ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে সন্তানরা কী পরিমাণ সময় ডিভাইস ব্যবহারে করছে তা দেখার পাশাপাশি অ্যাপ ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ধীরে ধীরে সব হেডসেটের জন্য ফিচারটি চালু করা হবে।