কর্মস্থলে হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়ায় চাকরিচ্যুত হয়েছেন এক অ্যাপল কর্মী। সম্প্রতি জ্যানেক প্যারিশ নামে এক কর্মীর চাকরিচ্যুতির বিষয়টি স্বীকার করেছে কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।

কোম্পানির তথ্য ফাঁস এবং গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয়ার অভিযোগে অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার জ্যানেক প্যারিশকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে এ বিষয়টি অবগত করে চিঠি পাঠিয়েছে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সকে প্যারিশ জানান, তথ্য ফাঁসের সঙ্গে তিনি জড়িত নন।

প্যারিস বলছেন, তদন্তের অংশ হিসেবে অ্যাপল কর্তৃপক্ষের হাতে তার সব ডিভাইস ফেরত দেয়ার আগে আর্থিক তথ্যাদি-সংক্রান্ত অ্যাপগুলো ডিলিট করেছেন। কর্মস্থলে হয়রানি ও বৈষম্য নিয়ে আওয়াজ তোলার কারণে তিনি চাকরিচ্যুত হয়েছেন বলে মনে করেন তিনি।

এদিকে শুক্রবার অ্যাপল জানায়, বিশেষ এক কর্মী-সংক্রান্ত ইস্যু নিয়ে তারা কথা বলে না।

সাম্প্রতিক দিনগুলোতে অ্যাপলের কর্মস্থলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত মাসে অ্যাপলের দুই কর্মী রয়টার্সকে জানিয়েছিল, ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের কাছে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্তব্যে কড়া পদক্ষেপ এবং কর্মীদের মধ্যে বেতন নিয়ে আলোচনা বন্ধের মতো পদক্ষেপ নেয়ার অভিযোগ করেছেন তারা।

এদিকে অ্যাপল বলছে, ইতিবাচক ও সমন্বয়মূলক পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ অ্যাপল এবং কর্মীদের পক্ষ থেকে আসা সব অভিযোগকে তারা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে। কর্মস্থলের পরিবেশ, বৈষম্য ও সমবেতনের মতো ইস্যু নিয়ে প্রকাশ্যে আলোচনার আইনি সুরক্ষা রয়েছে মার্কিন আইনে।