তুরস্কের ইস্তানবুলে বোমা বিস্ফোরণ ঘটনার প্রভাব দেশটির অনলাইনেও ছড়িয়ে পড়েছে। এরদোগান সরকার নাগরিকদের ইন্টারনেট ব্যবহারেও হস্তক্ষেপ করেছে। ফলে সেখানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) ব্যবহার বাড়তে শুরু করেছে। খবর টেকরাডার।

ইস্তানবুল শহরের মধ্যে একটি ফুটপাতের কাছে বোমা বিস্ফোরণ ঘটনায় ছয়জন নিহত ও আহত হয়েছে ৮০ জনের বেশি। তবে কেউ এখন পর্যন্ত এ হামলার দায় নেয়নি। ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকস প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি তুরস্কের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা আরটিইউকে জাতীয় গণমাধ্যমকেও বিস্ফোরণের বিষয়ে কথা না বলার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এসব ঘটনার কারণে এবং নিষেধাজ্ঞা এড়াতে তুরস্কের অধিবাসীদের মধ্যে ভিপিএন ডাউনলোড করার হার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে।

প্রতিবেদনে নেটব্লকস জানায়, বোমা বিস্ফোরণ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলার কারণে তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দীর্ঘদিন থেকেই প্রচলিত। তবে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা বন্ধের পাশাপাশি গণমাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে এ নীতিমালা সমালোচনার মুখে রয়েছে। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের সার্ভারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।