চলতি বছরের শেষ নাগাদ সার্ভার ব্যবসা সম্পূর্ণরূপে আলাদা করে দেয়ার পরিকল্পনা করেছে গিগাবাইট। এটি প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কমিউনিকেশন বিজনেস গ্রুপের অন্তর্গত। খবর টেকরাডার।
তাইওয়ানের সংবাদমাধ্যম ডিজিটাইমসের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কমিউনিকেশন বিজনেস গ্রুপের বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ডলার। ২০২৩ সালের ১ জানুয়ারি এটিকে সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান গিগা কম্পিউটিং টেকনোলজির কাছে স্থানান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চুক্তির অংশ হিসেবে গিগাবাইট গিগা কম্পিউটিং টেকনোলজির কাছে ৩৫ সেন্ট হিসেবে ৮ কোটি ৩৩ লাখ শেয়ার দেবে। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, হস্তান্তরের ফলে এর স্বাভাবিক কার্যক্রম বা সার্বিক ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি শেয়ারহোল্ডারদের ন্যায্যতার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্ভার ব্যবসার পাশাপাশি গিগাবাইটের নেটওয়ার্ক কমিউনিকেশনস বিজনেস গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (এইচপিসি) ডাটা সেন্টার ও এজ কম্পিউটিং পণ্য তৈরি করে। যেগুলো ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে বিক্রি করে।
নেটওয়ার্ক ব্যবসাকে আলাদা করার ক্ষেত্রে গিগাবাইটের সিদ্ধান্তটির বিষয়ে বিশ্লেষকদের ধারণা আলাদা আইপিও পরিষেবা তৈরিতেই এ উদ্যোগ। কেউ কেউ এটিকে মাদারবোর্ড-গ্রাফিকস ব্যবসা থেকে সার্ভার ব্যবসাকে পরিপূর্ণভাবে আলাদা করার উদ্যোগ হিসেবে দেখছেন।










