বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে সবচেয়ে জনপ্রিয় চিপ হিসেবে জায়গা করে নিয়েছে মিডিয়াটেক। কোয়ালকম ও অ্যাপলকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান সিনো রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গিজমোচায়না।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে বহুল ব্যবহূত পাঁচটি সিস্টেম অন আ চিপ বা সক ব্র্যান্ডের তালিকা করেছে সিনো রিসার্চ। শীর্ষ পাঁচ চিপসেট ব্র্যান্ড হচ্ছে মিডিয়াটেক, কোয়ালকম, অ্যাপল, হাইসিলিকন (হুয়াওয়ে) ও ইউনিসক।

২০২২ সালের প্রথম প্রান্তিকে চীনের বাজারে ৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ইউনিট চিপ বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ। বছরওয়ারি চিপ বিক্রি বাড়লেও প্রান্তিকওয়ারি কমেছে দশমিক ৭ শতাংশ।

গত প্রান্তিকে চীনে মিডিয়াটেকের চিপসেট বিক্রি হয়েছে ৩ কোটি ৭ লাখ ইউনিট।

গত প্রান্তিকে যেখানে আড়াই কোটির মতো চিপ বিক্রি করেছিল তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। ডাইমেনসিটি ৯২০ ফাইভজি চিপসেটের জনপ্রিয়তা মিডিয়াটেকের শীর্ষস্থানে উঠে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গত কয়েক মাসে উন্মোচিত রেডমি নোট ১১ প্রো প্লাস, রিয়েলমি ৯ প্রো প্লাস ও শাওমি ১১ আই হাইপারচেঞ্জের মতো স্মার্টফোনে ব্যবহূত হয়েছে মিডিয়াটেকের এ চিপসেট।

শীর্ষস্থান হারালেও মোটামুটি স্থিতিশীল রয়েছে কোয়ালকমের চিপসেট বিক্রি। গত প্রান্তিকে চীনের বাজারে ২ কোটি ৬৭ লাখ চিপ বিক্রি করেছে সেমিকন্ডাক্টর জায়ান্টটি। এর আগের প্রান্তিকে যেখানে তাদের বিক্রি হয়েছিল ২ কোটি ৩৬ লাখ ইউনিট। প্রান্তিকওয়ারি বিক্রি বাড়লেও আগের বছরের একই সময়ের ২ কোটি ৭৯ লাখ ইউনিট বিক্রির চেয়ে তা কমেছে ৪ দশমিক ১ শতাংশ। এন্ট্রিলেভেল ও মাঝারি পর্যায়ের চেয়ে ফ্ল্যাগশিপ চিপসেটে মনোযোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে কোয়ালকম। এ কারণে চিপসেট বিক্রি কমলেও আয় বেড়েছে তাদের।

প্রথম প্রান্তিকে অ্যাপলের স্মার্টফোন চিপসেট চালান হয়েছে ১ কোটি ২০ লাখ ইউনিট। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের ১ কোটি ৮৪ লাখ ইউনিটের চেয়ে যা ১৫ দশমিক ৮ শতাংশ কম। আইফোন ১৩ বিক্রির ভরা মৌসুম শেষের দিকে আসায় অ্যাপলের নিজস্ব চিপসেট বিক্রি কমেছে। এরই মধ্যে ভোক্তারা নতুন আইফোনের প্রহর গুনতে শুরু করেছেন।

চীনের স্মার্টফোন চিপসেট বাজারে ধীরে ধীরে পেছনের সারিতে নেমে এসেছে হুয়াওয়ের হাইসিলিকন। গত প্রান্তিকে মাত্র ২৫ লাখ স্মার্টফোন চিপ বিক্রি করেছে হুয়াওয়ে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে হাইসিলিকনের চালান যেখানে ছিল ১ কোটি ৩৮ লাখ ইউনিট। আগামী বছর কিংবা পরবর্তী প্রান্তিকেই শীর্ষ পাঁচ থেকে সরে যেতে পারে হাইসিলিকন।

এদিকে ধীরে ধীরে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ইউনিসক। গত প্রান্তিকে ইউনিসকের স্মার্টফোন চিপ বিক্রি হয়েছে ১৯ লাখ ইউনিট। ২০২১ সালের প্রথম প্রান্তিকের এক লাখ চিপ বিক্রি থেকে যা ১ হাজার ৭৬০ শতাংশ বেশি। এন্ট্রি লেভেলের স্মার্টফোন চিপের চাহিদা বৃদ্ধি ইউনিসকের বিক্রিতে প্রভাব ফেলেছে। কোয়ালকম ও অ্যাপলের মতো বৃহৎ কোম্পানিগুলো যখন হাই-এন্ড চিপসেটের ওপর জোর দিচ্ছে, ইউনিসক তাদের ফেলে রাখা শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। ১০০ ডলার মূল্যসীমার মধ্যে থাকা রিয়েলমি, মটোরোলা ও স্যামসাংয়ের জন্য সাশ্রয়ী চিপসেট সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইউনিসক।