চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে অ্যাপল। আগামী ২৮ জুলাই প্রকাশিতব্য উপাত্তে ৮০০ কোটি ডলার আয় হ্রাসের আশঙ্কা ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির।
অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত নিয়ে
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) লুকা মায়েস্টির ব্যস্ত সময় কাটছে।
কভিড-১৯ মহামারী শুরুর পর থেকে বিস্তারিত আয়-ব্যয়ের তথ্য জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। চীনে কঠোর লকডাউন ও সরবরাহ চেইন সংকটের কারণে গত প্রান্তিকে ৪০০ থেকে ৮০০ কোটি ডলার আয় কমার আশঙ্কা প্রকাশ করেছেন কুক।
প্রযুক্তি ও বাজার বিশ্লেষকরা বলছেন, জুনে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপলের আয় হতে পারে ৮ হাজার ২০০ কোটি ডলার। শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১ ডলার ১৬ সেন্ট।
হার্ডওয়্যার খাতে কিছু চ্যালেঞ্জ থাকা স্বত্ত্বেও স্মার্টফোন ও পরিষেবাসহ বিভিন্ন খাতে দুই অঙ্কের প্রবৃদ্ধি আশা করছে অ্যাপল। গত বছর উন্মোচিত হলেও চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রোর বিক্রি বেশ চাঙা। স্মার্টফোন বাজারে সাম্প্রতিক শ্লথগতির মধ্যেও চীনে বাজার হিস্যা বাড়ছে আইফোনের।










