বেজ স্টেশনের নির্মাণ ব্যয় কমাতে নতুন মোবাইল ইন্টারনেট অবকাঠামো তৈরিতে যৌথভাবে কাজ করছে মেটা ও এএমডি। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠান দুটি এ কথা জানায়। খবর টেকরাডার।

২০২০ সালের শুরুতে দি ইভেনস্টার নামে প্রকল্পটি চালু করে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। উন্মুক্ত আরএএন ইকোসিস্টেমে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কে জেনারেল পারপোজ রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (আরএএন) রেফারেন্স ডিজাইন তৈরিতেই এ উদ্যোগ নেয়া হয়।

রিমোট রেডিও ইউনিটস (আরআরইউ) সাধারণত প্যাকেজ হিসেবে বিক্রি হয়। মেটা ও এএমডি যে প্রকল্প নিয়েছে সেখানে আরআরইউ হার্ডওয়্যার, এর বণ্টন ইউনিট ও কন্ট্রোল ইউনিটের সফটওয়্যারকে আলাদা করা হবে। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা আরো সহজে তাদের কার্যক্রম বাড়াতে এবং আরো অধিক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবে।

প্রাথমিকভাবে এএমডি এ প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে জিলিংক্স অধিগ্রহণের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান এখন মেটার সঙ্গে যৌথভাবে ইভেনস্টার প্রোগ্রামে কাজ করতে পারবে। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগ এরই মধ্যে আলোর মুখ দেখতে পেয়েছে। এক ঘোষণায় এএমডি জানিয়েছে, তাদের জিলিংক্স আল্ট্রাস্কেল প্লাস আরএফ প্রসেসর একাধিক ইভেনস্টার রেডিও ইউনিটের উন্নয়নে সাহায্য করেছে। বৈশ্বিক ফোরজি বা ফাইভজি মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে এটি ব্যবহার করা হবে। এএমডির ডাটা সেন্টার ও কমিউনিকেশন গ্রুপের ভিপি ড্যান মানসুর এক প্রেস বিজ্ঞপ্তিতে ইভেনস্টার প্রোগ্রাম বাস্তবায়নে প্রতিষ্ঠানটির দায়বদ্ধতার কথা জানাতে গিয়ে বলেন, আমাদের রেডিও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইভেনস্টার রেডিওর উন্নয়ন কার্যক্রম এএমডির অন্যতম বড় অর্জন। মেটা কানেক্টিভিটির সঙ্গে এ ইকোসিস্টেমের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি আমাদের ডিজাইনগুলোর মাধ্যমে আরো সুবিধাজনক ও কার্যকর ওয়্যারলেস সলিউশন প্রদানে উন্মুখ।