ইউটিউব তার প্লাটফর্মে বিজ্ঞাপনের সংখ্যা বাড়াচ্ছে। ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি নিজেদের টিকিয়ে রাখতে এবং কনটেন্ট নির্মাতাদের আর্থিকভাবে লাভবান করার উপায় হিসেবে এ কাজ করছে বলে খবর প্রকাশ করেছে স্যাম মোবাইল। এক প্রতিবেদনে জানানো হয়েছে, একবারে এতগুলো বিজ্ঞাপন বেশ বিরক্তিকর হলেও বিজ্ঞাপনের সংখ্যা কমানোর কোনো আগ্রহই নেই ইউটিউবের। তবে স্যামসাং ডিভাইস ব্যবহারকারীরা পাঁচটির বেশি বিজ্ঞাপন দেখতে পারে।

প্রকৃতপক্ষে বেশকিছু ব্যবহারকারী ভিডিও শুরুর আগেই পরপর ৫-১০টি অযাচিত বিজ্ঞাপন দেখেছে বলে অভিযোগ করেছে। সাধারণত এ বিজ্ঞাপনগুলোর স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মতো হয়। যদিও একটি নির্দিষ্ট সময়ের পরে দীর্ঘ বিজ্ঞাপনগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এখন ইউটিউব দর্শকরা লক্ষ করছে যে শুধু বিজ্ঞাপনের সংখ্যাই দশে পৌঁছেছে তা নয়, অযাচিত বিজ্ঞাপনের দৈর্ঘ্যও বাড়ানো হয়েছে।

এদিকে, ইউটিউব এ অযাচিত বিজ্ঞাপনগুলোকে বাম্পার বিজ্ঞাপন বলে অভিহিত করছে। রেডিট থ্রেডের একাধিক রিপোর্টে বলা হয়েছে, ইউটিউব কয়েক মিনিটের মধ্যে ঘন ঘন দীর্ঘ বিজ্ঞাপনগুলো দেখায়। সবচেয়ে আশঙ্কার বিষয়, অযাচিত বিজ্ঞাপন-সম্পর্কিত ব্যবহারকারীদের রিপোর্টের সংখ্যা কেবল বাড়ছেই। সৌভাগ্যক্রমে এটি সব ইউটিউব দর্শকের ক্ষেত্রে হয় বলে মনে হয় না। তবে এটি অবশ্যই অসংখ্য দর্শকের ক্ষেত্রে একটি খারাপ অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্যাম মোবাইল বলছে, এ ৫-১০টি অযাচিত ইউটিউব বিজ্ঞাপনের একমাত্র ভালো দিক হলো সেগুলো খুব দীর্ঘ নয়! একাধিক ব্যবহারকারীর অভিযোগ, এ বিজ্ঞাপনগুলোর দৈর্ঘ্য প্রায় ৫-৬ সেকেন্ড। সুতরাং, হিসাব করলে দেখা যায় ১০টি অবিচ্ছিন্ন বিজ্ঞাপনের একত্রিত বিরতি প্রায় ৬০ সেকেন্ড স্থায়ী হয়!

এ ব্যাপারে ইউটিউব এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বা অযাচিত বিজ্ঞাপনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কিছু বলতে পারেনি। তবে টিম-ইউটিউবের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে একজন ব্যবহারকারীর অভিযোগের জবাবে বলেছে, ভিডিওর শুরুতে প্রদর্শিত হওয়া বিজ্ঞাপনগুলোকে বাম্পার বিজ্ঞাপন বলা হয় এবং এগুলোয় খুব সংক্ষিপ্ত একাধিক বিজ্ঞাপন থাকে।