দেশে প্রচলিত ডিজিটাল লেন্ডিং বা ঋণ প্রদানের সঙ্গে সম্পর্কিত অ্যাপগুলোর কার্যক্রমে নজরদারি আরোপ করতে চাইছে ভারত সরকার। বিশেষ করে অনৈতিকভাবে ঋণ প্রদান ও আদায়ের চর্চা বন্ধেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ লক্ষ্য অর্জনে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে বৈধ ডিজিটাল লেন্ডিং বা ঋণ প্রদান অ্যাপগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। কোন কোন অ্যাপস বৈধভাবে ঋণ দিচ্ছে তা নিশ্চিত হতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ লোন অ্যাপের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন। এসব অ্যাপ হতদরিদ্র ও কম উপার্জনকারীদের ঋণ ও মাইক্রো ক্রেডিট প্রদান করে। লোভে পড়ে দরিদ্র লোকেরা অধিক সুদের এসব লোন স্কিম নিয়ে সর্বস্বান্ত হচ্ছে। এমনকি এসব সাইট ব্যবহার করে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও ঘটছে। এ পরিপ্রেক্ষিতে ভারত সরকার রিজার্ভ ব্যাংককে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।

মানি লন্ডারিংয়ে যেসব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহূত হচ্ছে সেগুলো মনিটরিং করে রিভিউ করতে বলেছে সরকার। যেসব ব্যাংক এ কাজে জড়িত বলে মনে হবে তাদের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। বিভিন্ন অ্যাপ অপব্যবহার রোধকল্পে দোষী কোম্পানিগুলোকে ডিরেজিস্টার করতে সরকারি সব মন্ত্রণালয়কে নির্দেশও দেয়া হয়েছে। এসব অ্যাপস নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ এলে তাদের ওপর এসব কঠোরতা নেমে আসে। এর আগে ঋণ প্রদানে কার্যক্রম পরিচালনাকারী অ্যাপগুলোর কারণে দেশটিতে আত্মহত্যার মতো ঘটনা ঘটে যাওয়ায় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল দুই হাজারের বেশি অ্যাপ তাদের প্লাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।