ক্লাউড অবকাঠামোর উন্নয়নে আগামী ১৫ বছরে থাইল্যান্ডে ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, এ বিনিয়োগের অধীনে প্রতিষ্ঠানটি থাইল্যান্ডে ডাটা সেন্টার তৈরির পাশপাশি স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য ও পরিষেবা কিনবে। এছাড়া প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের ব্যাংককে একটি অবকাঠামো হাব তৈরি করবে। যেখানে ব্যবহারকারীরা নিরাপদে তাদের তথ্য সংরক্ষণ করতে পারবেন এবং প্রতিষ্ঠান ভালো পরিষেবা দিতে পারবে।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুপাত্তানাপং পুনমিচাও বলেন, থাইল্যান্ডে ডাটা সেন্টার স্থাপনের বিষয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেস যে পরিকল্পনা করেছে সেটি দেশের আরো প্রতিষ্ঠানকে উন্নত ক্লাউড কম্পিউটিং পরিষেবা ব্যবহারের সুবিধা দেবে এবং থাইল্যান্ড ৪.০ তৈরিতে ডিজিটালাইজড অর্থনীতির রাস্তা প্রশমিত করবে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস ২০০-এর বেশি পরিষেবা দেয়। এর মধ্যে স্টোরেজ, রোবোটিকসহ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও রয়েছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম ক্লাউড ডাটা সেন্টার চালু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মেক্সিকোতে স্থানীয় পর্যায়ে একটি হাব তৈরির ঘোষণাও দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যান্ডউইডথ সরবরাহ বাড়ানো হবে।
২০২০ সাল থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ব্যাংককে ১০টি অ্যামাজন ক্লাউডফ্রন্ট এজ লোকেশন চালু করেছে। ব্যবহারকারীদের কাছে বিভিন্ন তথ্য, ভিডিও অ্যাপ্লিকেশন দ্রুতগতিতে পাঠাতে এগুলো কাজ করে।










