টুইটার কর্মীদের ছাঁটাই করা হবে কি না, এ সংক্রান্ত একটি ইমেইল তাদেরকে পাঠিয়েছে কোম্পানিটি। ই-মেইলটিতে বলা হয়েছে, ‘টুইটারকে একটি সুস্থ পথে নিতে বিশ্বব্যাপী আমরা কর্মী ছাটাইয়ের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। টুইটারের অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে এবং টুইটার সিস্টেম ও গ্রাহকদের ডেটা নিরাপত্তার জন্য সব প্রবেশ নিয়ন্ত্রণ বন্ধ রাখা হবে।’
টুইটার জানায়, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
টুইটারের খরচ কমাতে বিলিয়নেয়ার ইলোন মাস্ক অর্ধেক কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করেছেন। গত মাসে তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। একটি সূত্র বলছে, মাস্ক ৩ হাজার ৭০০ টুইটার কর্মীকে চাকরিচ্যুত করবেন।
এর অংশ হিসেবে টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন মাস্ক। এ ছাড়া টুইটারের নিয়ন্ত্রণ মাস্কের হাতে যাওয়ার পর বিজ্ঞাপন, বিপণন এবং মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছেন।










