নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে পঞ্চম ও শেষ রাউন্ডের অনলাইন কর্মশালা সম্পন্ন করেছে টিকটক ও তরুণ বাংলাদেশীদের নলেজ শেয়ারিং প্লাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ)।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিডিএন-সাস্ট এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যারিয়ার ও বিজনেস সোসাইটি ক্লাবের সহযোগিতায় নিরাপদ ইন্টারনেট, নিরাপদ তুমি ক্যাম্পেইনের অধীনে ডিজিটাল সাক্ষরতা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। ৭ ও ১০ জুন শেষ পর্ব অনুষ্ঠিত হয়।
অনলাইন সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে মূল্যবান ধারণা পেতে দেশব্যাপী মোট ১০০ জন অংশগ্রহণকারী এ কর্মশালায় যোগদান করেন।
টিকটক-ওয়াইপিএফের নিরাপদ ইন্টারনেট, নিরাপদ তুমি শিরোনামের এ প্রচারণার লক্ষ্য হলো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যক্তিদের, বিশেষ করে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষমতায়ন। যাতে তাদের ইন্টারনেট ব্যবহার আরো নিরাপদ করা যায়।
পাশাপাশি টিকটক অ্যাপ্লিকেশনে বিদ্যমান বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে তাদের আলোকিত করা হয়। উভয় কর্মশালায় বিভিন্ন আকর্ষণীয় কুইজ এবং সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডিজিটাল সাক্ষরতা, নিরাপদ ইন্টারনেট অ্যাকসেস ও ডিজিটাল মাধ্যমে ন্যায়বিচার বা সহযোগিতা পাওয়ার উপায় সম্পর্কে অবহিত করা হয়।
পরিস্থিতিমূলক বিশ্লেষণ পেতে অংশগ্রহণকারীদের একটি প্রাক-মূল্যায়ন এবং মূল্যায়ন-পরবর্তী জরিপ পূরণ করতে বলা হয়। অংশগ্রহণকারীদের সাইবার বুলিং, ফিশিং, অনলাইন আর্থিক কেলেঙ্কারি ইত্যাদি বিষয়েও সাধারণ ধারণা দেয়া হয়। সাইবার বুলিং বা অনলাইন হয়রানির প্রভাব এবং এগুলো কীভাবে মোকাবেলা করা যায়, সেটি সম্পর্কেও তাদের জানানো হয়।










