আইওএস ব্যবহারকারীরা দীর্ঘদিন থেকে রিপোর্ট জাংক ফিচারটি ব্যবহার করে আসছিলেন। স্প্যাম মেসেজের বিস্তারিত অ্যাপলকে জানাতে এটি প্রচলিত। ম্যাকরিউমরসের তথ্যানুযায়ী, আইওএস ১৬ বেটা ২ ভার্সনে জাংক মেসেজ অপশন যুক্ত হবে। খবর এনগ্যাজেট।
সম্প্রতি ডেভেলপারের জন্য ফিচারটি চালু করা হয়েছে। জুলাইয়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্দিষ্ট কিছু সেলফোন নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানের জন্য ফিচারটি চালু করছে অ্যাপল। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের নাম উল্লেখ করা হয়নি।
যেসব ব্যবহারকারী মেসেজগুলোকে জাংক হিসেবে চিহ্নিত করেন, তারা এখন থেকে অ্যাপলের পাশাপাশি নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানের কাছে মেসেজের নম্বর ও কনটেন্টের তথ্য পাঠাতে পারবেন। অপ্রয়োজনীয় মেসেজ পাওয়া বন্ধের জন্য সাধারণত ব্যবহারকারীকে পুরো মেসেজটি চার সংখ্যার একটি ফোন ক্যারিয়ারে পাঠাতে হয়। ফলে ভবিষ্যতে ফিচারটি আইওএসে যুক্ত করা হলে সেটি মেসেজ ফরোয়ার্ডের বিড়ম্বনা থেকে মুক্তি দেবে। তবে রিপোর্ট করলে নম্বরটি ব্লক হয় না। ব্যবহারকারীকে আলাদাভাবে নম্বরটি ব্লক করতে হয়। যদি কোনো ব্যবহারকারীর কাছে ফ্রি গিফট কার্ড অথবা কোনো প্যাকেজ ডেলিভারির মতো সন্দেহজনক মেসেজ এসে থাকে, তাহলে সেটি এড়িয়ে যাওয়া যাবে না। কেননা সাইবার হামলার পাশাপাশি বর্তমানে স্প্যাম ও স্ক্যাম মেসেজের পরিমাণও দিন দিন বাড়ছে। মূলত তথ্য চুরি ও সফটওয়্যারের সহজলভ্যতার কারণে স্ক্যামাররা বাল্ক হিসেবে সবাইকে মেসেজ পাঠাতে পারে।










