অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে বাজারে আধিপত্য প্রতিষ্ঠার মামলায় টেক জায়ান্ট গুগলকে ৪১২ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। সম্প্রতি অ্যান্টিট্রাস্ট মামলায় ইইউর আপিল বিভাগ এ রায় দিয়েছেন। রায়ে গুগলের বিরুদ্ধে এ মামলায় ইউরোপীয় কমিশনের দেয়া সিদ্ধান্তকেই বহাল রাখা হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিনের অবস্থান সুদৃঢ় করতে বেআইনিভাবে সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বিধিনিষেধ আরোপের অভিযোগে মামলা করা হয়েছিল। মামলায় বলা হয়, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক সেলফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের ফোনে গুগল সার্চ ইঞ্জিন ও গুগলের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম প্রি-ইনস্টল করতে বাধ্য করত। এ কাজের মাধ্যমে গুগল আইন লঙ্ঘন করেছে।

ওই অভিযোগ প্রমাণ হওয়ায় ইউরোপীয় কমিশন গুগলকে ৪৩৪ কোটি ডলার জরিমানা করেছে। ওই রায়ের বিরুদ্ধে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালতে আপিল করেছিল গুগল। বুধবার ওই আপিলের রায়ে জরিমানা সামান্য কমিয়ে ৪১২ কোটি ৫০ লাখ ইউরো ধার্য করেছেন আদালত।

রায়ে আদালত জানান, গুগল বাজারে নিজস্ব সার্চ ইঞ্জিনের আধিপত্য নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড সেলফোন নির্মাতা ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বেআইনি বিধিনিষেধ দিয়েছিল বলে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল আদালত তা নিশ্চিত করেছেন।