গেম ডেভেলপমেন্ট স্টুডিও বন্ধ করে দিয়েছে চীনভিত্তিক বহুজাতিক ইন্টারনেট টেকনোলজি প্রতিষ্ঠান বাইটড্যান্স। পাশাপাশি ১০০-এর বেশি কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর ইটিটেলিকম।

তিন বছর আগে সাংহাইয়ে অধিগ্রহণ করা ১০১ স্টুডিও বন্ধ করে দিয়েছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। নিকেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হতাশাজনক পারফরম্যান্সের জন্য টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের অন্যতম গেম স্টুডিওর কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।

গেম স্টুডিওতে ৩০০-এর বেশি কর্মী রয়েছে বলে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। যাদের মধ্যে কিছুসংখ্যক কর্মীকে বাইটড্যান্সের অন্য ব্যবসায় স্থানান্তর করা হয়েছে। ২০১৯ সালে ১০১ স্টুডিও অধিগ্রহণের পেছনে নির্দিষ্ট কারণ হিসেবে মোবাইল গেমিং খাতে টেনসেন্ট হোল্ডিংসের প্রতিযোগী হিসেবে অবস্থান তৈরিতে এ উদ্যোগ নেয়া হয়েছিল বলে সূত্রে জানা গিয়েছে।

গেমিং খাতে বড় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়েছে টিকটক। শর্ট ভিডিও মেকিং প্লাটফর্মটি বেশকিছু পরীক্ষা চালিয়েছে। যেখানে ভিয়েতনামের ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে গেম খেলার সুবিধা দেয়া হয়েছে। টিকটকের তথ্যানুযায়ী, বর্তমানে ব্যবহারকারীদের জন্য প্লাটফর্মে জিঙ্গার ডিসকো লকো থ্রিডি গেমটিই অবশিষ্ট। অন্যদিকে বাইটড্যান্স ভার্চুয়াল রিয়েলিটি স্পেসে যুক্ত হওয়ার বিষয়েও প্রস্তুতি নিয়েছে। প্রটোকল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক কনটেন্ট তৈরিতে বাইটড্যান্স বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।