আন্দোলনকারীদের দমাতে কিউবায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এ অবস্থায় সেখানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) ডাউনলোড হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। খবর টেকরাডার।

স্বাধীন গণমাধ্যম ইনভেন্টারিও প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ঘটনা শুরুর পর দেশটিকে ভিপিএনের মতো পরিষেবা প্রদানকারী সফটওয়্যার সাইফোন ৩৪ হাজারবারের বেশিবার ডাউনলোড করা হয়েছে, যা দুই সপ্তাহ আগের তুলনায় বেশি। অন্যদিকে কিউবার ৮৯ হাজার নাগরিক সরকারি বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য তাদের ডিভাইসে সফটওয়্যারটি ব্যবহার করেছে।

১৫ জুলাই সকালে কিউবায় চলমান আন্দোলন থামানোর জন্য ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা ও বিধিনিষেধ আরোপ করা হয়। পিনার ডেল রিও থেকে এ বিধিনিষেধ দেশটির রাজধানী হাভানা পর্যন্ত ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে দেশটিতে চলমান খাদ্য, ওষুধ, জ্বালানি তেল ও বিদ্যুতের অপর্যাপ্ততার জন্য সরকারের জবাবদিহিতার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে।

কোনো প্রকার আন্দোলন ও নির্বাচনের সময় নিজেদের মধ্যে তথা বহির্বিশ্বে সামগ্রিক পরিস্থিতির বিষয়ে যোগাযোগ বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ইন্টারনেটের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রবেশের জন্য জনগণ ভিপিএন ডাউনলোড ও ব্যবহারের বিষয়টি আয়ত্ত করেছে।

২০০৭ সালে সিটিজেন ল্যাবের গবেষকরা সাইফোন অ্যাপটি তৈরি করে। মূলত যেসব দেশের অধিবাসী ইন্টারনেটসংক্রান্ত বিধিনিষেধের মধ্যে থাকে তাদের স্বাধীনভাবে তথ্য জানাতে সহায়তা করে অ্যাপটি।