প্রযুক্তি বাজারে প্রথমবারের মতো ফুল কালার মাইক্রোএলইডি অগমেন্টেড রিয়েলিটি গ্লাস (এআর) উন্মোচন করল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টিসিএল। থান্ডারবার্ড স্মার্ট গ্লাসেস পাইওনিয়ার এডিশন নামে এটি বাজারে আনা হয়েছে। খবর গ্যাজেটস নাউ।

বর্তমানে শুধু চীনের বাজারে এ এআর গ্লাসটি পাওয়া যাবে। তবে এর দামের বিষয়ে টিসিএল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বৈশিষ্ট্যের দিক থেকে গ্লাসটিতে মাইক্রোএলইডি ডিসপ্লে ও টিসিএলের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত ওয়েভগাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। থান্ডারবার্ড স্মার্ট গ্লাস দেখতে অনেকটা সাধারণ সানগ্লাসের মতো হলেও এতে স্বচ্ছ রঙিন স্ক্রিন ও ইন-বিল্ট ক্যামেরাও রয়েছে।

থান্ডারবার্ড স্মার্ট গ্লাসেস পাইওনিয়ার এডিশনের সামগ্রিক বৈশিষ্ট্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গ্লাসটির স্ক্রিনে ৪ ইউএম (মাইক্রোমিটার) পিক্সেল রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা টিসিএলের নতুন এ স্মার্টগ্লাস শাওমির স্মার্ট স্পেকটেকলস ও ফেসবুকের রে-ব্যান স্টোরিজ স্মার্ট গ্লাসের সঙ্গে প্রতিযোগিতা করবে। শাওমির নতুন স্মার্ট গ্লাসটির ওজন মাত্র ৫১ গ্রাম এবং এতে ভয়েস কমান্ডের সহযোগী হিসেবে শিয়াওএআই অ্যাসিস্ট্যান্ট দেয়া হয়েছে।

অন্যদিকে রে-ব্যানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রে-ব্যান স্টোরিজ নামে প্রথম স্মার্ট গ্লাস উন্মুক্ত করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।