মাইক্রোচিপ, বৈদ্যুতিক গাড়ির (ইভি) যন্ত্রাংশ ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য তৈরিতে সৌদি আরবে একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে ফক্সকন। প্রায় ৯০০ কোটি ডলার ব্যয়ে যৌথভাবে নির্মাণ করা হবে বহুমুখী কারখানাটি। খবর রয়টার্স।
বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গেছে, সৌদি আরবের প্রযুক্তি নগরী নিওম শহরে ফক্সকনের কারখানাটি চালু হতে পারে। এতে ফাউন্ড্রি হিসেবে পরিচিত ডুয়াল লাইন সেমিকন্ডাক্টর তৈরি হতে পারে। বিনিয়োগের ৯০০ কোটি ডলার দেবে সৌদি আরব ও ফক্সকন।
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা কোম্পানি ফক্সকন। অ্যাপলের আইফোনের শীর্ষ অ্যাসেম্বলার কোম্পানিটি সম্প্রতি ইভি ও সেমিকন্ডাক্টর খাতে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উত্তেজনা আমলে নিয়ে টিএসএমসি ও ফক্সকনের মতো তাইওয়ানভিত্তিক কোম্পানিগুলো তাদের উৎপাদন ভেনুতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) কারখানা স্থাপন করতে পারে ফক্সকন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, রিয়াদ চাইছে নিওনে ফক্সকনের দুই-তৃতীয়াংশ ফাউন্ড্রি নির্মাণ হোক।
তাইওয়ান, ভারতসহ বেশ কয়েকটি দেশে বড় অংকের বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে ফক্সকন। তবে গত বছর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ১ হাজার কোটি ডলারের কারখানা নির্মাণ পরিকল্পনা থেকে পিছু হটে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কারখানা ‘বিশ্বের অষ্টম আশ্চর্য’
হবে বলে মন্তব্য করেছিলেন।










