গ্রুপ চ্যাটে বেশকিছু নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর পর এবার পুরনো চ্যাটে কারা অংশ নিয়েছিল তাদের নাম খোঁজার সুবিধা যুক্ত হতে যাচ্ছে। খবর ৯টু৫ম্যাক।
অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো ছাড়াও অন্যদের না জানিয়ে নীরবে গ্রুপ চ্যাট ত্যাগের সুবিধাও এনেছে প্লাটফর্মটি। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ফিচারটির উন্নয়ন কাজ শুরুর পর আইওএস ভার্সনের জন্যও এটি চালুর উদ্যোগ নেয়া হয়। পাস্ট পার্টিসিপেন্ট ফিচারের মাধ্যমে ৬০ দিনের মধ্যে কোন কোন অংশগ্রহণকারী গ্রুপ চ্যাট ত্যাগ করেছে তাদের তথ্য পাওয়া যাবে।
প্রকাশনায় ফিচারসংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে ভবিষ্যতে গ্রুপে অংশগ্রহণকারীদের তালিকার নিচে নতুন একটি অপশন থাকবে। যেখানে অতীতে কারা এসব গ্রুপে অংশগ্রহণ করেছিল তাদের নাম দেখা যাবে। ফলে গ্রুপের অ্যাডমিনরা সহজেই কারা গ্রুপে এসেছে ও চলে গেছে তার তালিকা তৈরি করতে পারবে। তবে দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষাধীন পর্যায়ে থাকা অবস্থায় তালিকাটি গ্রুপের সবার জন্য উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে এর পরিপূর্ণ সংস্করণ বাজারে আনা হলে এতে কিছু পরিবর্তন করা হতে পারে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ রি-অ্যাকশন ফিচারের দ্বিতীয় সংস্করণ হিসেবে মেসেজে রি-অ্যাকশন দেয়ার সুবিধা চালু করেছে। এছাড়া প্লাটফর্মটি অবশেষে অ্যান্ড্রয়েড ডিভাইসের চ্যাট হিস্ট্রি মুভ টু আইওএস অ্যাপের মাধ্যমে স্থানান্তরের সুবিধাও চালু করেছে। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ফিচারটি চালুর আহ্বান জানিয়ে আসছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে লম্বা সময় পর প্লাটফর্মটি দুই ধরনের অপারেটিং সিস্টেমের জন্য ফিচারটি কার্যকর করতে পেরেছে।










