প্রি-স্কুলার শিশুদের জন্য কিডস স্পেস ডিজাইনের নতুন ট্যাব নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। স্কুলে যাওয়ার আগে শিশুদের উদ্ভাবনী ক্ষমতা, কল্পনাশক্তি ও সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশে এ ফিচারটি কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
লেনোভো ট্যাব ৬-এ ১০ দশমিক ৩ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ১৯২০X১২০০ পিক্সেল। এতে সিঙ্গেল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এ ট্যাবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে।
ফাইভজি প্রযুক্তি সংবলিত ট্যাবটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। প্রতিষ্ঠানটির দাবি, জাপানে সর্বপ্রথম তারাই ফাইভজি প্রযুক্তির এ ট্যাব বাজারজাত করেছে। ট্যাবটির পেছনে ও সামনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেয়া হয়েছে।
গুগলের ফ্যামিলি লিংক ব্যবহারের মাধ্যমে সন্তানদের অভিভাবকরা ট্যাবের কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি ট্যাবটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লার্নিং মোড দেয়া হয়েছে। শিশুরা যাতে সহজে শিখতে পারে, সেজন্য এতে বেশকিছু অ্যাপস ও ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে এতে পিসি মোডও দেয়া হয়েছে। এ মোডের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্লিট স্ক্রিনের মাধ্যমে অ্যাপস দেখতে পারবেন ও সেগুলো পরিবর্তন করতে পারবেন।
কানেক্টিভিটির দিক থেকে লেনোভো ৬ ট্যাবে ফাইভজির পাশাপাশি ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ভার্সন ৫.১ ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ট্যাবে ফেস রিকগনিশন ফিচারও রয়েছে। লেনোভোর নতুন ট্যাবে আইপিএক্স৩ ও আইপিক্স৫ সার্টিফিকেশন রয়েছে। ফলে এতে সহজে বালি ও পানি প্রবেশ করবে না। ট্যাবটিতে ৭ হাজার ৫০০ এমএএইচের বিশাল ব্যাটারি দেয়া হয়েছে। তাই দীর্ঘ সময় এটি ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো নতুন এ ট্যাবের বাজারমূল্য সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অ্যাবিস র্লু ও মুন হোয়াইট রঙে এ ট্যাবটি বাজারে পাওয়া যাবে।
—গ্যাজেটস থ্রিসিক্সটি










